ট্রেনেও নববর্ষের উৎসবের আমেজ
বাংলা নববর্ষের উৎসব ছিল কয়েকটি ট্রেনেও। গত সোমবার পয়লা বৈশাখে ঢাকার কমলাপুর, চট্টগ্রাম ও রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের জন্য বিশেষ কর্মসূচি পালন করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া পাঁচটি পথের পাঁচটি ট্রেনের যাত্রীদের জন্য ছিল এই বিশেষ আয়োজন। এসব ট্রেনের প্রত্যেক যাত্রীকে রেলের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল দেওয়া হয়। শিশুদের দেওয়া হয় চকলেট। নববর্ষ উপলক্ষে এসব আন্তনগর ট্রেনে যে খাবার পরিবেশন করা হয়, তাতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, সিলেটগামী পারাবত, রাজশাহীগামী ধূমকেতু, জামালপুর পথের অগ্নিবীণা ও কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর ট্রেনের যাত্রীদের নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন পুরস্কারও দেওয়া হয়। এসব ট্রেনে সব মিলিয়ে বগি ছিল ৬৩টি। র্যাফল ড্রয়ের মাধ্যমে প্রতিটি বগির তিনজনকে টিফিন ক্যারিয়ার, ইস্ত্রিসহ নানা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি ট্রেনের তিনজন করে পাঁচটি ট্রেনের ১৫ জনকে দেওয়া হয় মুঠোফোন। একইভাবে পুরস্কার দেওয়া হয় চট্টগ্রাম ও রাজশাহী স্টেশন ছেড়ে যাওয়া কিছু ট্রেনের যাত্রীদেরও।
রেলের মহাপরিচালক তাফাজ্জল হোসেনের নেতৃত্বে কমলাপুরে এই কার্যক্রম পরিচালনা করা হয়।