ট্রেনের অগ্রিম টিকিট কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামীকাল রোববার শুরু হচ্ছে। এ দিন ২৪ জুলাই তারিখের যাত্রার টিকিট বিক্রি হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে কাল থেকে পাঁচ দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রির কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর ও দিনাজপুরসহ গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

২৪ জুলাই যাত্রার টিকিট ২০ জুলাই, ২৫ জুলাই যাত্রার টিকিট ২১ জুলাই, ২৬ জুলাই যাত্রার টিকিট ২২ জুলাই, ২৭ জুলাই যাত্রার টিকিট ২৩ জুলাই এবং ২৮ জুলাই যাত্রার টিকিট ২৪ জুলাই বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. তাফাজ্জল হোসেন জানান, অগ্রিম টিকিট বিক্রি ছাড়াও বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পাঁচ জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন গন্তব্যে চালু করবে।

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার, ঢাকা থেকে পার্বতীপুর, ঢাকা থেকে খুলনায় এক জোড়া করে এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুই জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। বিশেষ ট্রেনগুলো ঈদের তিন দিন আগে থেকে চলাচল করবে এবং ঈদের এক দিন পর থেকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলাচল করবে বলে রেলওয়ে সূত্র জানায়।

রেলওয়ের পাহাড়তলী ও সৈয়দপুর রেলওয়ের কারখানায় মোট ১৬৬টি কোচ মেরামত ও সংস্কার করা হচ্ছে। ঈদের সময় এই কোচগুলো অতিরিক্ত কোচ হিসেবে বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে। অগ্রিম টিকিট বিক্রির সময় সংশ্লিষ্ট স্টেশনগুলোতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ সময় গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকে মোতায়েন করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, অগ্রিম টিকিট বিক্রির ব্যাপারে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাসস