ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শেষ, বিআরটিসির শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পোশাক কারখানার কর্মকর্তা কাজী ফেরদৌস বৃহস্পতিবার রাত ১১টায় কমলাপুর স্টেশনে গিয়ে দেখেন, টিকিট কাউন্টারের সামনে শত শত মানুষ। কেউ হাঁটছেন, কেউ লাইন ধরে বসে আছেন কাউন্টার বরাবর। তিনিও লাইনে বসে যান পুরোনো পত্রিকা বিছিয়ে। উদ্দেশ্য লালমনিরহাট এক্সপ্রেসের একটি টিকিট সংগ্রহ করা। দীর্ঘ প্রতীক্ষার পর টিকিট বিক্রি শুরু হয় গতকাল শুক্রবার সকাল নয়টায়। ফেরদৌস জানান, রাত যতই বাড়তে থাকে, টিকিট কিনতে আসা মানুষের ভিড়ও বেড়ে যায়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে সরিয়ে দেন সবাইকে। পরক্ষণই আবার এসে বসে যান সবাই। এভাবে বসা এবং সরিয়ে দেওয়ার পালা চলে সারা রাত। শুক্রবার বেলা ১১টার দিকে দুটি টিকিট কিনতে সক্ষম হন ফেরদৌস। গতকাল ৮ সেপ্টেম্বর যাত্রার টিকিট বিক্রি হয়। রেলওয়ে কর্মকর্তা ও টিকিট কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল যেসব টিকিট বিক্রি হয়, সেগুলোর জন্য বৃহস্পতিবার ইফতারের পর থেকেই লোকজন কমলাপুর স্টেশনে এসে ভিড় করতে থাকে। সেহিরর পর মানুষের ঢল স্টেশনের আঙ্গিনা ছাড়িয়ে যায়। সাপের মতো পেঁচানো লাইন দেখা গেছে বেলা ১১টা পর্যন্ত। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগামী পদ্মা, সিল্কসিটি, একতা, লালমনিরহাট এক্সপ্রেসের টিকিটের জন্য হাহাকার দেখা গেছে আগত লোকজনকে। অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছেন। সিল্কসিটি ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচের টিকিট কিনতে সকাল ১০টায় লাইনে দাঁড়িয়ে ছিলেন আতিকুর রহমান। তিনি জানান, দুপুরের দিকে কাউন্টার পর্যন্ত এসে দেখেন কোনো টিকিটই নেই। আজ শনিবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে যাবে। আজ বিক্রি হবে ৯ সেপ্টেম্বরের টিকিট। অগ্রিম টিকিটের যাত্রা শুরু হবে আগামীকাল থেকে। চট্টগ্রামের আরশাদ আলী অভিযোগ করেন, টিকিট দিতে দেরি করেন রেলওয়ের লোকজন। এক ঘণ্টায় একটি কাউন্টারে ৩০ জনও টিকিট কিনতে পারেন না। দেরির কারণে তাঁদের ভোগান্তির শেষ ছিল না। এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আজ শনিবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। সংস্থার মিরপুর, মতিঝিল, জোয়ার সাহারা, ফুলবাড়িয়া ডিপো এবং গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে টিকিট বিক্রি হবে। বিআরটিসি ঢাকা থেকে ঈদে ২০০ বাস চালাবে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চলবে ৪০০ বাস। লঞ্চ ও বেসরকারি বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে বেশ আগে। কিন্তু কোনোটারই টিকিট পাচ্ছেন না যাত্রীরা। অনেকে মাইক্রোবাস ভাড়া করে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।