ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আবারও দোরগোড়ায় ঈদ। ছুটবেন ঘরমুখো মানুষ। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গতকাল সোমবার ভোর থেকে ভিড় করতে থাকেন অগ্রিম টিকিটপ্রত্যাশীরা। স্টেশন চত্বরের পুরোটাই ছিল লোকে লোকারণ্য।
গতকাল অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ৭ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিক্রি হবে ৮ সেপ্টেম্বরের টিকিট। বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিক্রি করা হবে যথাক্রমে ৯, ১০, ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট। সব মিলিয়ে ৫ দিনের অগ্রিম টিকিট বিক্রি হবে। গতকাল অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে চট্টগ্রাম রেলস্টেশনেও। ১২ সেপ্টেম্বর ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
ঈদের অগ্রিম টিকিট বিক্রির জন্য কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টার খোলা হয়েছে। নারীদের জন্য রয়েছে আলাদা কাউন্টার। সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এর অনেক আগে থেকেই টিকিটপ্রত্যাশীরা সারিবদ্ধভাবে স্টেশন চত্বরে দাঁড়ান।
এ

মনি একজন টিকিটপ্রত্যাশী মুশফিকুর রহমান। বিশ্ববিদ্যালয়পড়ুয়া এই তরুণ বলেন, রোববার রাত থেকেই তিনিসহ অনেকে কমলাপুর স্টেশনে অবস্থান নেন। একজন খাতায় উপস্থিতদের নাম লিখে নেন। পরে সেই নামের ক্রমানুসারে লাইনে দাঁড়ান সকালে। মুশফিক জানান, তিনি ঢাকা-খুলনা পথের চিত্রা এক্সপ্রেসের তিনটি টিকিট কেটেছেন।
তবে রেলওয়ের কর্মকর্তারা জানান, এবার ভিড় অন্যবারের তুলনায় একটু কম। তবে শেষ দুই-তিন দিন ভিড় আরও বাড়তে পারে। এ ছাড়া প্রতিবছরই শীতাতপনিয়ন্ত্রণ (এসি) টিকিটের চাহিদা বেশি থাকে। এসি টিকিটের কাউন্টারেই সবচেয়ে বেশি হইচই হয়। তবে এবার উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে এসি আসন দ্বিগুণেরও বেশি বেড়েছে। পূর্বাঞ্চলেও বেড়েছে দ্বিগুণ।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রেলের মহাপরিচালক আমজাদ হোসেন কমলাপুর স্টেশন পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন কাউন্টারে টিকিটের খোঁজখবর নেন। এ সময় দেখা যায়, সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতি ট্রেনে তখনো অনেক টিকিট বাকি আছে। এই তিনটি ট্রেন চলে ঢাকা-চট্টগ্রাম পথে এবং এগুলোর টিকিটের চাহিদা সব সময়ই বেশি। আজ সকালে রেলমন্ত্রী মুজিবুল হক টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শন করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম পথের নিয়মিত যাত্রী ব্যবসায়ী অলিউল ইসলাম গতকাল দুপুরে বলেন, সকালের দিকে এক আত্মীয়কে টিকিটের জন্য লাইনে দাঁড় করিয়েছিলেন। দুপুরে নিজে এসে টিকিট ও আত্মীয়কে সঙ্গে নিয়ে যাচ্ছেন। সোনার বাংলা এক্সপ্রেসের এসি কামরার টিকিট পেয়েছেন তিনি।
রেলওয়ে সূত্র জানিয়েছে, কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ৬৯টি ট্রেন বিভিন্ন গন্তব্যে চলাচল করে। এর মধ্যে ৩১টি আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলের ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্ব পালন করা মাহবুবুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এবার রেলের সক্ষমতা বেড়েছে। প্রায় সব গন্তব্যের ট্রেনেই বাড়তি বগি লাগানো হয়েছে। ফলে মানুষ টিকিট পাচ্ছে।