ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ, এবার নিরাপদ ভ্রমণের পালা

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ৮ আগস্টের টিকিট বিক্রির মাধ্যমে পাঁচ দিনের এই বিশেষ ব্যবস্থা শেষ হলো। এবার নিরাপদ ভ্রমণের প্রস্তুতি।
অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে কমলাপুর রেলস্টেশনে সোমবার গভীর রাত থেকে মানুষ অবস্থান নেন। অনেকেই রাত যাপন করেন স্টেশনে। তবে গত রোববারের তুলনায় মানুষের স্রোত কিছুটা কম ছিল বলে রেলের কর্মকর্তারা জানান। গতকাল দুপুর দেড়টার দিকেও কাউন্টার থেকে সাধারণ যাত্রীদের টিকিট কাটতে দেখা গেছে। তবে বরাবরের মতোই উচ্চ শ্রেণী বা শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) আসনের টিকিটের জন্য হাপিত্যেশ করতে দেখা গেছে।
গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-দিনাজপুর পথের দ্রুতযান ট্রেনের চারটি টিকিট কেটে হাসি মুখে কাউন্টার ছাড়ার সময় শাহাদাত হোসেন বলেন, ‘মাথা থেকে বড় একটা চাপ নেমে গেছে। এখন নিরাপদে বাড়ি ফিরতে পারলেই হয়।’
একই সময় কথা হয় রফিকুল আলমের সঙ্গে। তিনি জানান, সেহরির পর মহানগর প্রভাতীর এসি টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু নয়টায় টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যে জেনে গেছেন, সব শেষ। তখনই তিনি শোভন চেয়ারের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে যান। বেলা পৌনে ১২টার দিকে টিকিট পেয়েও যান।
গতকাল বিশেষ ট্রেনগুলোর টিকিটের জন্য মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। ঈদ উপলক্ষে চারটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এগুলো চলবে—ঢাকা-খুলনা, ঢাকা-সিরাজগঞ্জ, ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত। রবি, সোম ও গতকাল মঙ্গলবার বিশেষ ট্রেনের টিকিট দেওয়া হয়েছে। গতকাল দুপুর দেড়টা পর্যন্ত দেওয়ানগঞ্জগামী বিশেষ ট্রেনের টিকিটের জন্য মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। রফিকুল ইসলাম নামে একজন বলেন, ‘বিশেষ ট্রেনে খুব একটা জৌলুশ নেই। তার পরও টিকিট পেলে কোনো রকমে যেতে পারি।’
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, গত পাঁচ দিনে প্রতিদিন গড়ে ১৮ হাজার আসনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে ৬২ শতাংশ কাউন্টার আর ৩৮ শতাংশ কোটায় ছাড়া হয়। কাউন্টারের টিকিট বিক্রি হয়ে গেছে। অনেক সময় কোটার টিকিট বিশেষ করে মোবাইল ও অনলাইন কোটায় কিছু ফাঁকা থাকে। এ ছাড়া অনেক ভিআইপি শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেন। সে ক্ষেত্রে কিছু টিকিট থেকে যায়। এগুলো চলতি কাউন্টারে ছেড়ে দেওয়া হবে।
অগ্রিম টিকিট বিক্রি শেষ হওয়ার পর এবার ভ্রমণের প্রস্তুতি। তবে নিরাপদ ভ্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। কারণ যুদ্ধের মতো করে যারা টিকিট কেটেছেন তাঁদের আসনে বসা অনেক সময় কঠিন হয়ে যায় আসনবিহীন যাত্রীদের জন্য।
রেলের কর্মকর্তারা জানান, ঈদে আসনের অতিরিক্ত ২০ শতাংশ যাত্রীর টিকিট বিক্রি করা হয়। কিন্তু ঈদের আগের দুই দিন যাত্রীদের চাপ সামলানো যায় না। তখন আসনের সমপরিমাণ বা ট্রেনভেদে তার চেয়ে বেশি যাত্রী উঠে যায়। তখন টিকিট কাটা অনেক যাত্রী আসন পর্যন্তই যেতেই পারেন না।
রেলের কর্মকর্তারা জানান, দিনাজপুরের দ্রুতযান, একতা, জামালপুরের অগ্নিবীণা ও যমুনা, লালমনিরহাটের লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে ঈদের দুই-তিন দিন আগ থেকেই আসনের অতিরিক্ত প্রচুর যাত্রী ভ্রমণ করে। অনেক সময় ঝুঁকি নিয়ে ছাদেও ভ্রমণ করতে দেখা যায়। এসব ট্রেনের যাত্রীদের মধ্যে যাঁরা বিমানবন্দর ও জয়দেবপুর থেকে ওঠেন তাঁদের পক্ষে আসন পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে যায়। গতবার কয়েকটি ট্রেনে বিমানবন্দর স্টেশনে আসনবিহীন যাত্রী নামিয়ে দিয়ে টিকিটধারীদের বসানো হয়। এরপর কিছু দেরি করে ট্রেন ছাড়া হয়।
জানতে চাইলে রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, সমস্যা হয় বলে আসনবিহীন টিকিট যাত্রার আগ মুহূর্তে এবং সংখ্যায় কম দেওয়া হয়। এর পরও আসনধারীদের বসার ব্যবস্থা নিশ্চিত করেই ট্রেন ছাড়ার চেষ্টা করা হবে।