ট্রেনের অগ্রিম টিকিট ২০ জুলাই থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। এই পাঁচ দিনে ২৪ থেকে ২৮ জুলাইয়ের ট্রেন যাত্রার টিকিট অগ্রিম বিক্রি করা হবে। রেলভবনে গতকাল রোববার সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এই তথ্য জানান। তিনি বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া হবে। ঈদের সময় যাত্রীদের সুবিধার্থে রেলের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, রেলের কর্মকর্তা-কর্মচারী এবং ভিআইপিদের জন্য মোট টিকিটের পাঁচ শতাংশ কোটা থাকবে। অগ্রিম টিকিটের মধ্যে ২০ জুলাই পাওয়া যাবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ তারিখে ২৮ জুলাইয়ের টিকিট দেওয়া হবে।