ট্রেনের অগ্রিম টিকিটও শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের কারণে ঢাকাসহ আন্তজেলার বাস চলাচল বন্ধ থাকায় ১০ জানুয়ারি পর্যন্ত রংপুর থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। এ সুযোগে ‘রংপুর এক্সপ্রেস’-এর কিছু টিকিট চড়া মূল্যে কালোবাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকার টিকিট রংপুর স্টেশন থেকে বরাদ্দ আছে—প্রথম শ্রেণির (বাথ) ১২টি টিকিট, চেয়ার ৪৭টি ও সাধারণ ১১৬টি। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত রংপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা গেছে, ঢাকায় যাওয়ার টিকিটের জন্য মানুষ হন্যে হয়ে ঘুরছে। কিন্তু টিকিট কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, ১০ জানুয়ারি পর্যন্ত আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
এ সময় স্টেশন প্ল্যাটফর্মের বাইরে শহরের সেনপাড়ার এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ৪৬৫ টাকার টিকিট এক হাজার টাকায় কিনতে হয়েছে। জরুরি কাজে ছেলেকে মঙ্গলবার ঢাকায় পাঠাতে হবে বলে বাধ্য হয়ে টিকিট কিনতে হয়েছে। টিকিট কিনতে আসা ছয়জন অভিযোগ করেছেন, এমনি করে স্টেশন প্ল্যাটফর্মের বাইরে কালোবাজারে বেশি দামে টিকিট কিনতে পাওয়া যায়। পুলিশের ভয়ে খুবই সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে এ টিকিট বিক্রি করা হচ্ছে।
এর মধ্যে ঢাকার টিকিট না পেয়ে অনেককে বাধ্য হয়ে নাটোর পর্যন্ত টিকিট কাটতে দেখা গেছে। নাটোরের টিকিট কেটেছেন এমন এক ব্যক্তি আকবর হোসেন বলেন, ‘টিকিট না পেলে কী আর করব বলেন! দেখি নাটোর পর্যন্ত যাই। তারপর কী হয় হবে।’
এদিকে দাম বেশি দিয়ে ঢাকার টিকিট পেতে রেলওয়ে স্টেশনের অনেককে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের দুজন বলেন, এ ধরনের
দুর্ভোগে কাউন্টারে ট্রেনের টিকিট পাওয়া না গেলেও মাঝেমধ্যে বাইরে পাওয়া যায়। এ জন্যই অপেক্ষা করছেন।
রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক (সুপার) শেখ আবদুল জব্বার বলেন, টিকিট বিক্রি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যার মধ্যেই ১০ জানুয়ারি পর্যন্ত সামান্য টিকিটের সব ফুরিয়ে যায়। তিনি আরও বলেন, ‘ভিআইপি ব্যক্তিরা টিকিটের জন্য চাপ দিচ্ছেন। কিন্তু এখানে আমারই বা কী করার আছে!’