ট্রেনের আগের সময়সূচি বহাল রাখার দাবিতে ময়মনসিংহে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ময়মনসিংহ স্টেশনে পৌঁছানোর আগের সময়সূচি বহালের দাবিতে ময়মনসিংহ উন্নয়ন পরিষদের নেতারা আগের ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনটি অবরোধ করেন। পরে স্থানীয় সাংসদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়। ময়মনসিংহ স্টেশনের সুপার আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি অবরোধ করার জন্য ভোর চারটা থেকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে শহরের কয়েক শ মানুষ জড়ো হয়। নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটি ভোর সাড়ে পাঁচটায় ময়মনসিংহ স্টেশনে পৌঁছার কথা থাকলেও দেওয়ানগঞ্জ স্টেশন থেকে বিলম্বে ছাড়ার কারণে সেটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছে সকাল আটটা ২০ মিনিটে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে লোকজন সেটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে এক সমাবেশে ময়মনসিংহ উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন বলেন, আগামী সাত দিনের মধ্যে আগের সময়সূচি বহাল, আসন সংখ্যা বৃদ্ধি ও সকালে আরও একটি ঢাকাগামী ট্রেন সংযোজন করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। বিক্ষোভের খবর শুনে সেখানে উপস্থিত হন ময়মনসিংহ সদর আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বিক্ষোভকারীদের বিষয়টি নিয়ে যোগাযোগমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। এদিকে অবরোধ তুলে নেওয়ার পর সকাল সাড়ে ১০টায় যোগাযোগসচিব মো. এবাদুর রহমান, রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের ও সহকারী মহাপরিচালক মো. শাহজাহান সরকারি সফরে জামালপুর যাওয়ার পথে ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রাবিরতি করেন। এ সময় স্টেশন সুপারের কার্যালয়ে মতিউর রহমান ময়মনসিংহ উন্নয়ন পরিষদের নেতাদের নিয়ে পরিষদের দাবি তাঁদের কাছে তুলে ধরলে সচিব আগের সময়সূচি বহাল রাখার আশ্বাস দেন। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।