রাজবাড়ীতে চালক ছাড়াই উল্টো পথে ২৬ কিলোমিটার ট্রেন চলার নজিরবিহীন ওই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ট্রেনটির ইঞ্জিনে এক কিশোর অবস্থান করছে। ওই কিশোর ভুল করে ট্রেনটি চালু করে থাকতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।
ঘটনার সময় আবদুল আলীম মণ্ডল নামের এক তরুণ মুঠোফোনে ভিডিওটি ধারণ করেন। তাঁর বাড়ি সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গণজাগরণ মঞ্চের কর্মী। আবদুল আলীম জানান, রাজবাড়ী রেলস্টেশন থেকে ট্রেনটির উল্টো পথে যাত্রার বিষয়টি মুঠোফোনে একজনের কাছ থেকে তিনি জানতে পারেন। এরপর তিনি দ্রুত বেলগাছি স্টেশনে পৌঁছে উপস্থিত লোকজনকে সতর্ক করেন এবং আনসারদের ঘটনাটি জানান। এর কিছুক্ষণ পরে ট্রেনটি এলে মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
ফরিদপুর এক্সপ্রেস নামের ট্রেনটি ১২ এপ্রিল সকাল আটটার দিকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে রাজবাড়ী রেলস্টেশনে অপেক্ষারত ছিল। একপর্যায়ে ট্রেনটি চালু করে নেমে যান চালক। পরে ট্রেনটি উল্টো পথে চলতে শুরু করে। ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) আনোয়ার হোসেন ট্রেনের ভ্যাকুয়াম বক্স খুলে বাতাস বের করে দিলে সেটি পাংশার বাবুপাড়া রেলসেতুর কাছে থামে।