ট্রেনের কাটা পড়ে একজনের মৃত্যু
রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে রাকিবুল ইসলাম (২৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি অপসোনিন কোম্পানির রিপ্রেজেনটেটিভ পদে চাকরি করতেন।
আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে সিলেট রেলস্টেশনের অদূরে দক্ষিণ সুরমার শিববাড়ির নিকট এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোর কাছে দাবি করেন, মোবাইলে কথা বলার সময় অসতর্কভাবে পারাপারে এ দুর্ঘটনা ঘটেছে।
সিলেট রেলওয়ে স্টেশনের জিআরপি থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিন মিয়া জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে রাত নয়টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রেনে কাটা পড়লেন কীভাবে, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
জিআরপি থানার সুরতহাল প্রতিবেদন সূত্রে জানা গেছে, রাকিবের দুটো পা ঊরু পর্যন্ত কাটা অবস্থায় পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি বাগেরহাটে। বাবার নাম আবদুল হামিদ হাওলাদার। তিনি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় থাকতেন।
জিআরপি থানা থেকে রাকিবের ব্যবহৃত মোবাইল থেকে পরিবারের সদস্যকে খবর দেওয়া হয়েছে বলে জানান উপপরিদর্শক মতিন মিয়া।