ট্রেনের কামরায় আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ করতে পরিবারের সঙ্গে বাড়ি যাচ্ছে তারা। ট্রেনে ওঠার পর আনন্দ আর যেন ধরে না তাদের! গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন
ঈদ করতে পরিবারের সঙ্গে বাড়ি যাচ্ছে তারা। ট্রেনে ওঠার পর আনন্দ আর যেন ধরে না তাদের! গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন

ছোট্ট সারিমা আহমেদ (৭) ছোট ভাই সেয়াসকে (৫) নিয়ে লাফালাফি-ছোটাছুটি করছিল। তাদের আনন্দ যেন ধরে না! কারণ, ঈদে বাড়ি যাচ্ছে তারা।

গতকাল সোমবার দুপুরে কমলাপুর রেলস্টশেন গিয়ে দেখা যায় এই দৃশ্য। সারিমা ও সোয়াসের মতো গতকাল কয়েক হাজার ট্রেনযাত্রী গ্রামের বাড়িতে ঈদ করতে রাজধানী ছেড়ে গেছে।

রেলস্টেশনে কথা হয় সারিমার সঙ্গে। সে বলল, ‘ঈদে দাদুবাড়ি যাব, কত মজা হবে! দাদুকে নিয়ে গ্রামে ঘুরব।’ সে জানাল, এক বছর পর আবার বাবা-মায়ের সঙ্গে কুমিল্লায় দাদুবাড়িতে যাচ্ছে। ট্রেন আসার পর নাচতে নাচতে ট্রেনে গিয়ে উঠল সারিমা ও তার ভাই।

১৯ আগস্ট যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা গতকাল ট্রেনে করে ঢাকা ছেড়েছেন। রাজশাহী এক্সপ্রেসের যাত্রী আবদুল আহাদ বললেন, ‘অনেক কষ্ট করে টিকিট কেটেছিলাম। আজ (গতকাল) ঢাকা ছাড়ছি। বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে পারব। গ্রামে ঈদ করার মজাই আলাদা।’ 

স্টেশন কর্তৃপক্ষ বলছে, আজ মঙ্গলবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে। রেলস্টেশন সূত্র জানায়, গতকাল বেলা তিনটা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ২৭টি ট্রেন। ২টি ট্রেন ছাড়া অন্য সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, খুলনার সুন্দরবন এক্সপ্রেস ও নীলফামারীর নীলসাগর এক্সপ্রেস দেরিতে স্টেশন ছেড়েছে। রোববার সকালে ঢাকার ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্টাফ রোডে রেললাইনে সমস্যা হয়। এতে নীলসাগর, উপবন ও একতা এক্সপ্রেস ট্রেন স্টেশনে দেরিতে পৌঁছায়। এ কারণে গতকাল দুটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়ে।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল ট্রেন মোটামুটিভাবে ঠিক সময়ে ঢাকা ছেড়েছে। যাত্রীদের চাপও ছিল বেশ। আজ মঙ্গলবার থেকে ঈদ উপলক্ষে আরও দুটি বিশেষ ট্রেন যুক্ত হবে। বন্যার কারণে কিছু ট্রেন শেষ স্টেশন পর্যন্ত যেতে পারত না। এখন সবগুলোই শেষ স্টেশন পর্যন্ত যাচ্ছে। জানা গেল, আজ থেকে ঢাকা-পার্বতীপুর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের যাত্রীরা এসব ট্রেনে করে তাঁদের গন্তব্যে যেতে পারবেন।