ট্রেনের গতি আটকে আছে 'অজুহাতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা-চট্টগ্রাম রেলপথে আন্তনগর ট্রেনের পরিচালন সময় (রানিং টাইম) চলতি ডিসেম্বর মাসের মধ্যে পাঁচ ঘণ্টা এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে সাড়ে চার ঘণ্টায় নামিয়ে আনতে রেলের মহাপরিচালকের কার্যালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। কিন্তু রেলওয়ে পূর্বাঞ্চল নানা সীমাবদ্ধতার ‘অজুহাত’ দেখিয়ে পরিচালন সময় ২০-২৫ মিনিটের বেশি কমাতে চাচ্ছে না। ঢাকা-চট্টগ্রাম রেলপথে দুটি বিরতিহীন আন্তনগর ট্রেন ‘সোনার বাংলা’ ও ‘সুবর্ণ’ এক্সপ্রেস ট্রেনের বর্তমান পরিচালন সময় ৫ ঘণ্টা ৪০ মিনিট। অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম যেতে বা চট্টগ্রাম থেকে ঢাকা আসতে এ দুটি ট্রেনের সময় লাগে ৫ ঘণ্টা ৪০ মিনিট।

রেলওয়ে সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব (সদ্য বিদায়ী) মো. আবুল কালাম আজাদ গত ২৪ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে বিভিন্ন আন্তনগর ট্রেনের পরিচালন সময় চার ঘণ্টায় নামিয়ে আনতে রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করেন। আলোচনায় পরিচালন সময় চার ঘণ্টায় নামিয়ে না আনা কেন সম্ভব নয়, এ নিয়ে ‘যুক্তি’ তুলে ধরেন রেলের কর্মকর্তারা। পরে মুখ্য সচিব আন্তনগর পরিচালন সময় ডিসেম্বরে পাঁচ ঘণ্টা এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে সাড়ে চার ঘণ্টায় নামিয়ে আনার নির্দেশ দেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন গত ৩০ নভেম্বর পরিপত্র জারি করেন।

প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বেশির ভাগ অংশ ডাবল লাইনে (বিদ্যমান লাইনের পাশে আরেকটি নতুন লাইন) উন্নীত করা হলেও ট্রেনের পরিচালন সময় কমছে না। আগে যখন একটি রেললাইন ছিল, তখন ঘণ্টায় ৬০ থেকে ৭২ কিলোমিটার গতিতে ট্রেন চলত। আর এখন ট্রেন চলছে ৫০ থেকে ৬৫ কিলোমিটার গতিতে। ২০০০ সালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে ৫ ঘণ্টা ১৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যেত। এখন লাগছে ৫ ঘণ্টা ৪০ মিনিট। একইভাবে বিরতিহীন সোনার বাংলা ট্রেনটিও গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে ৫ ঘণ্টা ৪০ মিনিট। বিপুল বিনিয়োগের পরও কেন পরিচালন সময় কমছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রেলওয়ে সূত্র জানায়, মহাপরিচালকের চিঠি নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই গত রোববার চট্টগ্রামে তাঁর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে বিদ্যমান রেললাইন, বন্ধ থাকা ৫৫টি স্টেশন, ভৈরব ও তিতাস সেতুর নির্মাণকাজ এবং চট্টগ্রাম থেকে মাস্তাননগর পর্যন্ত ১১টি স্টেশনে কম্পিউটারভিত্তিক আধুনিক সিগন্যালব্যবস্থা স্থাপন নিয়ে আলোচনা হয়। বৈঠকে নানা সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে মহাপরিচালকের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে না বলে মত দেন কর্মকর্তারা। তবে কিছুদিনের মধ্যে দুটি বিরতিহীন ট্রেনের পরিচালন সময় ২০ থেকে ২৫ মিনিট কমিয়ে আনা যাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

ওই বৈঠকে উপস্থিত থাকা এ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, চার হাজার কোটি টাকা বিনিয়োগের সুফল সাধারণ যাত্রীরা এখনো পাচ্ছেন না। ট্রেনের গতি কেন বাড়ানো হচ্ছে না সেটা নিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, পূর্বাঞ্চলের ৫৫টি স্টেশন আংশিক কিংবা পুরোপুরি বন্ধ রয়েছে। জানুয়ারি থেকে কিছু স্টেশনে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ভৈরব ও তিতাস সেতুর নির্মাণকাজ শেষ হলেও ডাবল লাইনের সঙ্গে যুক্ত করতে এপ্রিল গড়িয়ে যাবে। আর চট্টগ্রাম থেকে মিরসরাইয়ের মাস্তাননগর পর্যন্ত বিভিন্ন স্টেশনে সিগন্যালব্যবস্থা আধুনিকায়নের কাজ চলছে। ফলে ডিসেম্বরের মধ্যে পাঁচ ঘণ্টা এবং ফেব্রুয়ারি থেকে সাড়ে চার ঘণ্টায় রানিং টাইম কমিয়ে আনা সম্ভব হবে না।

মহাব্যবস্থাপক বলেন, ‘চিনকি আস্তানা থেকে লাকসাম এবং ভৈরব থেকে টঙ্গী পর্যন্ত ১২৫ কিলোমিটার রেললাইনে ট্রেনের আমরা আগামী দুই সপ্তাহের মধ্যে ৮০ কিলোমিটারে উন্নীত করব। ফলে দুটি বিরতিহীন ট্রেন ৫ ঘণ্টা ৪০ মিনিটের পরিবর্তে সোয়া ৫ ঘণ্টায় গন্তব্যে পৌঁছাবে বলে আশা করছি। কিন্তু ফেব্রুয়ারিতে রানিং টাইম সাড়ে চার ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব নয়। লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইনের নির্মাণকাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রামে ট্রেনের রানিং টাইম সাড়ে চার ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হবে।’

রেলওয়ের প্রকৌশলীরা জানান, এপ্রিল নাগাদ ভৈরব ও তিতাস সেতু ডাবল লাইনে যুক্ত হলে ট্রেনের পরিচালন সময় আরও ৮-১০ মিনিট কমিয়ে আনা যাবে। ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ভাটিয়ারী, বাড়বকুণ্ড, বারৈয়াঢালা, মিরসরাই, মাস্তাননগর, মুহুরীগঞ্জ, কালীদাহ, শর্শদী, নাওটি, আলীশহর, ময়নামতি, শ্রীনিধি, ঘোড়াশাল ও আমিরগঞ্জ স্টেশন দীর্ঘদিন বন্ধ রয়েছে। আর আংশিক বন্ধ রয়েছে ফেনীর ফাজিলপুর স্টেশন। এসব স্টেশন পার হওয়ার সময় ট্রেনের গতি ১৬ কিলোমিটারে নামিয়ে আনা হয়। জানুয়ারি থেকে বেশির ভাগ স্টেশনে সহকারী স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া শুরু হলে পরিচালন সময় প্রতিটি স্টেশনে আরও দুই থেকে তিন মিনিট কমে আসবে।

ট্রেনের গতি বাড়াতে হলে রেলের সব বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে ট্রেনের গতি বাড়ানো সম্ভব কি না, তা আমার জানা নেই।’