ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সিরাজগঞ্জে গত রোববার রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর লাইনচ্যুত আন্তনগর ট্রেন দ্রুতযান উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ট্রেনের নয়টি বগি উদ্ধারের পর সেতু থেকে সরিয়ে নেওয়া হয়। উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর আবার তা স্বাভাবিক হয়েছে।
রেল কর্তৃপক্ষ বলেছে, ঝড়ের কবলে পরে বগিগুলো লাইনচ্যুত হয়। সেতুর ওপর এমন দুর্ঘটনা দেশে এটিই প্রথম। রেল মন্ত্রণালয় বিষয়টি তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করেছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস রোববার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছিল। ট্রেনটি সেতুর ওপর ৮ ও ৯ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাসে ট্রেনটির ১৩টি বগির মধ্যে পেছনের দিকের নয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়লে ইঞ্জিন থেমে যায়। বগিগুলো রেললাইনের দক্ষিণ পাশে সেতুর বাস-ট্রাক চলাচল পথের কংক্রিটের দেয়ালের ওপর কাত হয়ে হেলে পড়ে। এতে ট্রেনের ওই পাশের সব দরজা বন্ধ হয়ে যায়। যাত্রীদের কেউ কেউ অপর পাশের দরজা দিয়ে বেরিয়ে এসে আটকে থাকা অন্য যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় যোগ দেন। তাঁরা ট্রেনের জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় একজন যাত্রী ও ট্রেনের কর্মী শাহ মোহামঞ্চদ দুলাল আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ট্রেনের প্রধান চালক জমির উদ্দিন বলেন, ট্রেনের গতি কম ছিল বলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তাছাড়া বগিগুলো সেতুর উত্তর দিকে কাত হলে সবগুলো বগিই নদীতে পড়ে গিয়ে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।
গতকাল ভোরের দিকে ঢাকা থেকে একটি এবং পাকশি থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিকেল তিনটার মধ্যে লাইনচ্যুত বগিগুলো লাইনে তোলা হয়। সেগুলো সরিয়ে নেওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে সেতুর ওপর দিয়ে রেল চলাচল শুরু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান ঘটনাস্থলে যান। গভীর রাতে রেলমন্ত্রী মুজিবুল হক, যোগাযোগসচিব মুহামঞ্চদ আবুল কালাম আজাদসহ রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আউয়াল ভূঁইয়া বলেন, ঝড়ের কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।