ট্রেনের গার্ডরুম থেকে নারীকে ধাক্কা, আহত
ঢাকার কমলাপুর রেলস্টেশনে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের গার্ডরুম থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ট্রেনের পরিচালককে আটক করেন এনএসআইয়ের ওই কর্মকর্তা।
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার সানোয়ার হোসেন জানান, বেলা তিনটায় কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনের গার্ডরুমে এনএসআই কর্মকর্তার স্ত্রী পরিচয় দিয়ে এক নারী সন্তানসহ ওঠেন। তিনি ওই রুমে বসে আসতে চাইলে গার্ড নজরুল ইসলাম ও পরিচালক শহীদুল ইসলাম তাঁকে বাধা দেন। এতে ওই নারী ক্ষুব্ধ হন।
ওই নারীর স্বামী এনএসআই নারায়ণগঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই নারী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘ভিড়ের কারণে ট্রেনের বগিতে উঠতে না পেরে আমি পরিচয় দিয়ে ছয় বছর বয়সী ছেলেসহ ট্রেনের গার্ডরুমে উঠতে চাইলে ট্রেনের পরিচালক আমার সঙ্গে দুর্ব্যবহার করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। পরে বিষয়টি মুঠোফোনে আমার স্বামীকে জানাই।’
মাস্টার সানোয়ার জানান, বিকেল পৌনে চারটার দিকে ওই ট্রেন চাষাঢ়া স্টেশনে এলে সেখানে এনএসআইয়ের উপপরিচালক বজলুর রহমান ট্রেনের পরিচালক শহীদুল ইসলামকে হাতকড়া পরিয়ে এনএসআই কার্যালয়ে তুলে নিয়ে যান। এই ঘটনার পরপরই রেলের কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে ট্রেন চলাচল বন্ধ রাখেন। এতে যাত্রীরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশের হস্তক্ষেপে শহীদুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়।