ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনে ট্রেন থেকে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন জাকির হোসেন (৩০) ও নূরু মিয়া (৪০)। আজ বুধবার বেলা পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রেনযাত্রী আলী আব্বাস প্রথম আলো ডটকমকে জানান, ট্রেনটি আজ সকাল পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ঢাকা আসছিল। ট্রেনের ভেতর ও ছাদে প্রচুর যাত্রী ছিল। পৌনে ১১টার দিকে গেন্ডারিয়া রেলস্টেশনে যাত্রীছাউনিতে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে তিন-চারজন নিচে পড়ে যান। এ সময় নূরু মিয়াকে আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে কমলাপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার কামাল জানান, ঘটনাস্থলেই ট্রেন থেকে পড়ে জাকির হোসেন নামের আরও একজন মারা যান। জাকিরের ভাই হুমায়ুন লাশটি শনাক্ত করেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।