ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশনের প্রায় দেড় শ গজ দূরে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরগামী কমিউটার-৬৫ আপ যাত্রীবাহী ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম জাহাঙ্গীর আলম (২৫)। গত সোমবার এ ঘটনা ঘটে।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের উপশহর ৮ নম্বর রেলঘুমটি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরে আসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাদশা মিয়া (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকারই বাসিন্দা।
ট্রেনের ছাদ থেকে পড়ে কাটা পড়ে নিহত জাহাঙ্গীর কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট (হাজরানিয়া) এলাকার সাইদার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহত যুবকের এক আত্মীয় বলেন, ঈদে আনন্দ করতে ট্রেনে করে বুড়িমারী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। তিনি ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি বুড়িমারী স্টেশনে প্রবেশের পথে বেলা ১১টায় বিদ্যুতের তারে বাধা পেয়ে নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর।
বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, যাত্রীবাহী কমিউটার-৬৫ আপ ট্রেনটি বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের ভেতরে প্রবেশের প্রায় দেড় শ গজ দূরে ওই যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল সকাল আটটার দিকে দিনাজপুর শহরের উপশহর ৮ নম্বর রেলঘুমটি এলাকায় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাদশা মিয়া নামের এক চায়ের দোকানদার আত্মহত্যা করেছেন।
কোতোয়ালি থানার ওসি মো. খালেকুজ্জামান বলেন, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাদশা মিয়ার কলহ হয়। এরপর কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিজ চায়ের দোকানের অদূরে রেললাইনে দিনাজপুর স্টেশনগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।