ট্রেনের ছাদ থেকে পড়া সেই যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাতলা সেতুর (করতোয়া নদী) দক্ষিণ পাড়ে তাঁর লাশ ভেসে ওঠে। গত বুধবার পানিতে পড়ার ওই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তারা এখনো ওই যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেননি। তাঁর বয়স ২৫ বছরের মতো হবে। উপজেলার দুর্গানগর ইউপি সদস্য এরশাদ হোসেন বলেন, সকালে মরদেহটি করতোয়া নদীর মাঝখানে ভেসে ওঠে। পরে ভেসে ভেসে সোনাতলা সেতুর দক্ষিণপাড়ে যায়। মরদেহের পরনে কালো রঙের টি–শার্ট ও জিনস প্যান্ট ছিল।
উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী বলেন, মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত বুধবার সকাল পৌনে আটটার দিকে ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে থাকা ওই যুবক ঘাটিনা রেলসেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি।