ট্রেনের ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগের ও পরের দিন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন শুক্রবার পার্বতীপুর থেকে ছেড়ে আসা বরেন্দ্র আন্তনগর ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়া সকাল সাড়ে ১০টার দিকে সাহেবপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাতনামা ব্যক্তি (৩৫) ছাদ থেকে নিচে পড়ে মারা যান।

ঈদের পর দিন রোববার সন্ধ্যায় সান্তাহার জংশন স্টেশন থেকে বগুড়া অভিমুখে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন শহরের পূর্ব দিকে শহীদ সুজিত রেলওয়ে লেভেল ক্রসিং পার হওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩০) ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যান। সান্তাহার রেলওয়ে থানা ও বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি লাশ দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে সান্তাহার ও বোনারপাড়া রেলওয়ে থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।