ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
গাজীপুরে টাকা ও মোবাইল ফোন লুট করে ট্রেনের ছাদ থেকে ফেলে এক যাত্রীকে হত্যা এবং দুই যাত্রীকে আহত করার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আজ বুধবার এ রায় দিয়েছেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটিচর পাড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (১৯) ও মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার বিছামনি গাংপাড় এলাকার মো. মুন্না মিয়া (২৫)।
ট্রেনের ছাদ থেকে মমিন নামের এক ব্যক্তিকে ফেলে হত্যার দায়ে ওই দুজনকে মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি ধারায় আদালত তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া আরও একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের ছাদে চড়ে বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগর গ্রামের আবদুল আজিজের ছেলে মো. আবু সাঈদ (১৮), কক্সবাজারের উখিয়ার রুমকা গ্রামের হাসান মাহমুদ (২৬) ও নওগাঁর বদলগাছির মিঠাপুর ফকিরপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে আবদুল মমিন (১৮) ভ্রমণ করছিলেন। ট্রেনটি গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকা পার হওয়ার সময় রাত পৌনে ১০টার দিকে ওই তিনযাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে তাঁদের নিচে ফেলে দেন মো. রাসেল মিয়া ও মো. মুন্না মিয়া। পরে এলাকাবাসী ওই তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবদুল মমিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৩ মার্চ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব আলম বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। পরে আহত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ওই দুজনকে ২৭ মার্চ গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আদম আলী ৩১ জুলাই ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। ৩১ অক্টোবর অভিযোগ গঠনের পর ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক ওই রায় দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. হারিছ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন ইউসুফ আলী।