ট্রেনের ছাদে উঠতে মই ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে দীর্ঘ যানজটের পাশাপাশি বিপর্যয় দেখা দিয়েছে ট্রেনে। ভেঙে পড়েছে পশ্চিমাঞ্চলে ট্রেনের সময়সূচি। প্রায় সব ট্র্রেন নির্ধারিত সময়ের চেয়ে চার থেকে ছয় ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশে ছাড়ছে। ফলে পবিত্র ঈদুল ফিতরের পর কর্মক্ষেত্রমুখী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আবার অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনে দাঁড়ানোর জায়গাও থাকছে না। ফলে অনেকে টিকিট ছাড়াই অবৈধভাবে ট্রেনের ছাদে উঠে চলাচল করছে। এই সুযোগে একশ্রেণীর লোক ট্রেনের ছাদে ওঠার জন্য মই ব্যবসা শুরু করেছেন। মই দিয়ে ছাদে উঠতে তাঁরা জনপ্রতি ২০-৩০ টাকা আদায় করছেন। গতকাল শনিবার সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশন, উল্লাপাড়া, লাহীড়িমোহনপুর ও চুয়াডাঙ্গা রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ঢাকামুখী বিপুলসংখ্যক যাত্রী স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও ট্রেনের দেখা নেই।সিরাজগঞ্জ রেল সূত্র জানায়, নীলফামারী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন সকাল ছয়টায় উল্লাপাড়া রেলস্টেশনে আসার কথা থাকলেও এসেছে পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি সকাল সাড়ে নয়টায় আসার কথা থাকলে প্রায় চার ঘণ্টা দেরিতে বেলা দুইটার দিকে আসে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকায় যাত্রীদের চাপ আরও বেড়ে গেছে। উল্লাপাড়া স্টেশনে উপস্থিত ঢাকামুখী যাত্রী গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে ট্রেনের অপেক্ষায় বসে আছি। চার ঘণ্টা পর ট্রেন এলেও অতিরিক্ত যাত্রীর চাপে উঠতে পারিনি। ছাদে ওঠার জন্য আমার ব্যাগ পরিচিত একজনের কাছে দিয়েছিলাম। আমি ছাদে উঠতে উঠতে ট্রেন ছেড়ে দেয়। আমার ব্যাগ ঢাকা যেতে পারলেও আমি যেতে পারিনি।’ মনসুর আলী স্টেশনের যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘ভেতরে জায়গা না পেয়ে ২০ টাকা দিয়ে মই দিয়ে ছাদে উঠেছি। যেভাবেই হোক, ঢাকায় যেতে হবে।’ মোহনপুর রেলস্টেশনে ট্রেনের বেসরকারি টিকিট বিক্রেতা আবদুর রহমান বলেন, ‘সকাল ছয়টার ট্রেনে ২৫ হাজার টাকার টিকিট বিক্রি করেছিলাম। যাত্রীরা উঠতে না পারায় পরে ২০ হাজার টাকা ফেরত দিতে হয়েছে।’সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, যাত্রীদের বাধা দিলেও তাঁরা জোর করে ছাদে উঠছেন। মই ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাচ্ছেন। সিরাজগঞ্জের স্টেশনমাস্টার মো. আজাহার আলী বলেন, ঈদের পর বিভিন্ন রেলস্টেশনে যাত্রীদের ওঠানামায় সময়ক্ষেপণ হওয়ায় প্রতিটি ট্রেন ঢাকায় যেতে চার-পাঁচ ঘণ্টা করে দেরি হচ্ছে। এদিকে খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর চিত্রা এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বেলা ১১টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি চার ঘণ্টা দেরিতে ছাড়ে। ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনের সর্বশেষ যাত্রা ছিল গতকাল। এই ট্রেনটি বেলা একটা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়ে ছয় ঘণ্টা পর। এর আগের দিন শুক্রবার ঈদের বিশেষ ট্রেনটি আড়াই ঘণ্টা বিলম্বে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনের যাত্রী কলেজছাত্র আলী হোসেন জানান, ট্রেনটি রাত ১১টায় ঢাকার কমলাপুরে পৌঁছার কথা থাকলেও পৌঁছে রাত আড়াইটায়। রাজশাহী ও খুলনাগামী ট্রেনযাত্রীদেরও দুর্ভোগের শেষ নেই। ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ও ঈদ স্পেশাল চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ে ছয় ঘণ্টা দেরিতে। একইভাবে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে যায় এক ঘণ্টা পর। অন্যান্য ট্রেনেরও একই অবস্থা। স্টেশনমাস্টার আবদুল খালেক বলেন, প্রতিটি স্টেশনে অতিরিক্ত যাত্রী তুলতে বাড়তি সময় এবং ঈশ্বরদী জংশনসহ কয়েকটি স্টেশনে পদ্ধতিগত ত্রুটির কারণে বাড়তি সময় লাগছে।