ট্রেনের ছাদে যাত্রীদের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৫ বছরের সুন্দরী বেগম গুরুতর অসুস্থ। হুইলচেয়ারে করে চলাফেরা করেন তিনি। বাড়ি রংপুরে। ছেলে ফজলুল করিমের ঢাকার বাসায় থেকে চিকিৎসা করান। গতকাল শনিবার সকাল ৭টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে তাঁকে নিয়ে আসেন ছেলে। তাঁদের ট্রেন রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ঢাকা ছাড়ার কথা থাকলেও ছেড়েছে বেলা ২টায়।

ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়েন সুন্দরী বেগম। একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তাঁর ছেলে ফজলুল করিম বলছিলেন, ‘ট্রেন দেরি করে আসায় মাকে নিয়ে বড় বিপদে আছি। ভাবিনি ট্রেন এত দেরি করে আসবে? আমরা চরম ভোগান্তির মধ্যে আছি।’

রংপুর এক্সপ্রেসের কয়েক শ যাত্রী সকাল থেকে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। এ ছাড়া কুমিল্লা কমিউটার, ঈশা খাঁ এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়ে যায়।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘রংপুর এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেন যথাসময়ে ঢাকা ত্যাগ করেছে। ইঞ্জিনে ত্রুটি থাকায় শুক্রবার দুই ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ে রংপুর এক্সপ্রেস। গতকালও রংপুর এক্সপ্রেস প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়ে যায়। এ জন্য যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’

সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত যতগুলো ট্রেন কমলাপুর স্টেশন ত্যাগ করে, প্রতিটির ছাদে ছিল যাত্রী। পুরুষের পাশাপাশি অনেক নারী ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন।

গতকাল কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি যাচ্ছিলেন ইয়াসিন, আল আমিন, তানভীর ও সাদ্দাম। তাঁরা বললেন, ১১০ টাকায় টিকিট কেটেছেন। ভেতরে জায়গা নেই। তাই ছাদে উঠেছেন।

ছাদে উঠতে ভয় লাগে না? প্রশ্নের উত্তরে তাঁরা বলেন, ঈদে বাড়ি যেতে হবে। ছাদে হোক আর যেখানে যেভাবেই হোক, তাঁরা বাড়ি যাবেন। ছাদে ওঠার সময় রেলওয়ের কেউ তাঁদের বাধা দেননি বলেও জানান।

রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেসের ছাদেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করেছেন। রাজশাহী এক্সপ্রেসের ছাদে ওঠা ৬০ বছরের ফিরোজ বিশ্বাস বলছিলেন, ‘ট্রেনের ভেতরে যেতে ভালো লাগে না। ছাদে গায়ে বাতাস লাগে। তাই ছাদে যাচ্ছি।’

ট্রেনের ভেতরে ঢুকতেই রীতিমতো যাত্রীদের যুদ্ধ করতে হয়। ছোট্ট শিশুদের অনেকে ভয়ে কাঁদতে থাকে। মালপত্র নিয়ে ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী বলেন, আইন অনুযায়ী কোনো যাত্রী ট্রেনের ছাদে উঠতে পারেন না। যাত্রীদের ছাদে না ওঠার জন্য মাইকিং করা হচ্ছে।