ট্রেনের টিকিট কাটতে গেলেই ‘সিট নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে আন্তনগর ট্রেনের বেশির ভাগ টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন গন্তব্যের যাত্রীরা কাউন্টার থেকে টিকিট না পেয়ে বাধ্য হয়ে দ্বিগুণ-তিনগুণ দামে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছে।রেলওয়ের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত সোমবার সরেজমিনে দেখা যায়, বিভিন্ন গন্তব্যের টিকিটের জন্য কাউন্টারের সামনে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছে। যাত্রীদের অভিযোগ, তারা দীর্ঘসময় লাইনে থেকেও আসনসহ টিকিট পাচ্ছে না। ‘সিট নেই’ অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ একশ্রেণীর লোক কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি করছেন।লাকসাম শহরের সাহাপাড়ার অনীল কুমার সাহা জানান, তিনি কাউন্টারে এসে চট্টগ্রামগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের দুটি টিকিট চাইলে সিট নেই বলে তাঁকে ফেরত দেওয়া হয়েছে। পরে তিনি ১১০ টাকার দুটি টিকিট কালোবাজারির কাছ থেকে ১৬০ টাকায় কিনেছেন। লাকসামের খিলপাড়া গ্রামের মনিরুল ইসলাম জানান, তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে চট্টগ্রামে যাচ্ছেন। কাউন্টারে গিয়ে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের তিনটি টিকিট চাইলে ভেতর থেকে জানানো হয় সিট নেই। পরে সিটবিহীন টিকিট নিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে লাকসাম রেলওয়ের একাধিক কর্মচারী জানান, স্টেশন মাস্টার নিজেই আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তিনি কিছু কর্মচারীকে দিয়ে এ কাজ করান।স্টেশন সূত্রে জানা যায়, ১৩ জুন চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ১৮টি টিকিটসহ স্টেশনের ফোটার জিয়াউল করিম স্টেশনে ধরা পড়েন। ওই দিন ট্রেন আসতে প্রায় পাঁচ ঘণ্টা দেরি হওয়ায় যাত্রীদের অনেকেই সড়কপথে চলে যায়। ট্রেন দেরির বিষয়টি আগে থেকে টের পেয়ে জিয়াউল তাঁর টিকিটগুলো কাউন্টারে ফেরত দিতে গিয়ে ধরা পড়েন। বিষয়টি স্বীকার করে জিয়াউল দাবি করেন, টিকিটগুলো তাঁর আত্মীয়রা নিয়েছিলেন। ট্রেন দেরির কারণে তিনি টিকিটগুলো ফেরত দিতে চেয়েছেন। লোকবল-সংকটের কারণে জিয়াউলকে লোকাল ও মেইল ট্রেনের টিকিট বিক্রির জন্য কাউন্টারে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতো।টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে ৫০টি, নোয়াখালীর ৭৪টি, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ৭০টি, চট্টগ্রাম পর্যন্ত ৭৫টি, সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ৪৩টি, চট্টগাম পর্যন্ত ৫৮টি, ঢাকাগামী তূর্ণা-নিশিথার ১০টি, চট্টগ্রাম পর্যন্ত ২০টি, সিলেটগামী পাহাড়িকায় ৫১টি, চট্টগ্রাম পর্যন্ত ৫৪টি, চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসে ৯০টি ও চাঁদপুর পর্যন্ত ৬২টি আসন লাকসাম থেকে বরাদ্দ রয়েছে। এর পরও বিপুলসংখ্যক যাত্রী আসনসহ টিকিট পায় না; তাদের দাঁড়িয়ে ভ্রমণ করতে হয়।স্টেশন মাস্টার পিতু রঞ্জন ভূঁইয়া তাঁর বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন। পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) অতিরিক্ত দায়িত্বে থাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) জাকির হোসেন জানান, অভিযুক্ত ওই কর্মচারীর বিরুদ্ধে রেলওয়ে বিধি মোতাবেক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে বুকিং অফিস থেকে প্রত্যাহার এবং স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়েছে।