ট্রেনের টিকিট কালোবাজারি, বিক্ষোভ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে গতকাল মঙ্গলবার দুপুরে ট্রেনের টিকিট কালোবাজারির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। যাত্রী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই বিক্ষোভ করেন।
সান্তাহার পৌর যুবলীগের সাবেক সভাপতি আসলাম সিকদার জানান, তিনি গতকাল বেলা ১১টার দিকে সান্তাহার স্টেশনের বুকিং কাউন্টারে গিয়ে ২৪ অক্টোবরের ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের দুটি টিকিট চান। তাঁকে কাউন্টার থেকে জানানো হয়, ওই দিনের কোনো টিকিট নেই। পরে আসলাম সিকদার পাশের এলাকার বাসিন্দা পাপ্পুর কাছ থেকে ৮০০ টাকায় দুটি টিকিট কেনেন। ওই দুটি টিকিটের প্রকৃত মূল্য ৬৬০ টাকা।
কাউন্টার ছাড়া বাইরে কালোবাজারে টিকিট পাওয়ার বিষয়টি জানাজানি হলে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরাসহ সাধারণ লোকজন কাউন্টার ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা স্টেশনমাস্টার নিজাম উদ্দিনের বিরুদ্ধে কালোবাজারে টিকিট বিক্রিতে জড়িত থাকার অভিযোগ করেন এবং তাঁর বিচার দাবি করেন। তাঁদের অভিযোগ, কাউন্টারে টিকিট না মিললেও কাউন্টারসংলগ্ন চুল কাটার দোকান, পানের দোকান ও ওষুধের দোকানে অতিরিক্ত দামে টিকিট পাওয়া যায়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে স্টেশনে অবস্থিত রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।