ট্রেনের টিকিট কালোবাজারে
কিশোরগঞ্জে চলছে আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারি। কোনো রাখঢাক না করেই একটি চক্র দিনের পর দিন চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি। প্রতিটি টিকিট যাত্রীদের কিনতে হচ্ছে ৩৫ থেকে ৬৫ টাকা বাড়তি দামে।কিশোরগঞ্জ ও ঢাকার মধ্যে একমাত্র (এগারসিন্দুর) আন্তনগর ট্রেন চলাচল করে। প্রভাতী-গোধূলী নামে দুটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা থেকেও দুটি ট্রেন ছেড়ে আসে।স্টেশনের টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে দেখা গেছে, যাত্রীরা সেখান থেকে কোনো অগ্রিম টিকিট পাচ্ছেন না। তিন দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রির নিয়ম থাকায় প্রথম দিন সকালেই প্রায় সব টিকিট কালোবাজারিদের হাতে চলে যায়। আর প্রথম দিনই বিকেলে কাউন্টারের সামনে ‘কোনো আসন নেই’ লেখা কাগজ ঝুলিয়ে দেওয়া হয়। অথচ কাউন্টারের সামনে আর প্ল্যাটফর্মে ঠিকই প্রকাশ্যে কালোবাজারিরা টিকিট বিক্রি করে।কিশোরগঞ্জ থেকে এগারসিন্দুর-প্রভাতীর জন্য ১৪৭টি আসন রয়েছে। এগারসিন্দুর গোধূলীর জন্য আসন রয়েছে ১৯১টি। অভিযোগ রয়েছে, বরাদ্দ টিকিটের ৭০ শতাংশের বেশি টিকিট কালোবাজারিদের হাতে চলে যায়। শহরের গাইটাল এলাকার বাসিন্দা আইনজীবী আবুল কাসেম জানান, তাঁদের প্রায়ই ঢাকায় যাতায়াত করতে হয়। কাউন্টারে ঢাকার অগ্রিম টিকিট না পেয়ে কালোবাজারে ৬৫ টাকার শোভন টিকিট ১০০ টাকা করে সংগ্রহ করেছেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিদ হাসান জানান, দুই দিন আগে গিয়েও কাউন্টার থেকে তিনি অগ্রিম টিকিট পাননি। পরে এক কালোবাজারির কাছ থেকে শোভন চেয়ারের ৮৫ টাকার টিকিট ১৫০ টাকায় কিনতে বাধ্য হয়েছেন।অনুসন্ধানে জানা যায়, টিকিট কালোবাজারিদের পেছনে একটি প্রভাবশালী চক্র জড়িত রয়েছে। কালোবাজারিরা প্রভাবশালী চক্রকে প্রতিটি টিকিটের জন্য ২৫ থেকে ৪০ টাকা কমিশন দেয়। আর প্রতিটি টিকিটে কালোবাজারিদের লাভ থাকে ১০ থেকে ২০ টাকা।স্টেশনের কয়েকজন ব্যবসায়ী জানান, স্টেশন এলাকার মাদকাসক্ত যুবক-তরুণেরাও টিকিট কালোবাজারির সঙ্গে জড়িয়ে পড়েছে। অন্তত ৫০ জনের একটি শক্তিশালী টিকিট কালোবাজারি চক্র বর্তমানে কাজ করেছে বলে জানা গেছে।কিশোরগঞ্জের স্টেশন মাস্টার অমৃতলাল সরকার বলেন, কাউন্টারে লাইন দিয়ে একাধিক ব্যক্তি হয়তো টিকিট কিনে পরে একত্র করে কালোবাজারে বিক্রি করে। যতক্ষণ টিকিট থাকে, ততক্ষণ টিকিট বিক্রি করতে হয়। এ ক্ষেত্রে কারও কিছুই করার থাকে না। প্রশাসনকেই কালোবাজারি বন্ধে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি আবুল হাশেম জানান, জিআরপি থানায় মোট ২৫ জন সদস্য রয়েছে। তিনি জিআরপি সদস্যদের কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, কাউন্টার থেকে একজনকে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়ার নিয়ম আছে, অথচ দেওয়া হয় অনেক বেশি। কালোবাজারি বন্ধ হবে কী করে?