ট্রেনের টিকিট মিলেছে সহজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদযাত্রার ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে গতকাল শুক্রবার। গতকাল রাজধানীর কমলাপুর স্টেশনে ভিড় গত কয়েক দিনের তুলনায় কম থাকায় টিকিটপ্রত্যাশীরা অনায়াসে টিকিট পেয়েছেন। দূরপাল্লার বিভিন্ন পরিবহনের বাসের অগ্রিম টিকিটও প্রায় শেষের দিকে।

কমলাপুর রেলস্টেশন ও অগ্রিম টিকিট বিক্রি করা বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টার ঘুরে এসব জানা গেছে। শেষ দিনে কমলাপুর স্টেশনে সকাল আটটা থেকে ২৫ জুনের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। ভিড় কম থাকায় কিছুক্ষণ অপেক্ষাতেই টিকিট পেয়েছেন ক্রেতারা।

বেলা গড়াতে স্টেশনে লোকজনের ভিড় আস্তে আস্তে কমতে থাকে। কয়েকটি কাউন্টার একেবারে ফাঁকা হয়ে যায়। দিনাজপুরের একতা, দ্রুতযান, নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রামের তূর্ণা, মহানগর, চট্টলা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রাজশাহীর সিল্ক সিটি, পদ্মা, ধূমকেতু এক্সপ্রেসের কাউন্টারের সামনে ভিড় ছিল না বললেই চলে।

কাউন্টারের সামনে ১০ মিনিট অপেক্ষাতেই টাঙ্গাইল যাওয়ার টিকিট কেটেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান। তিনি প্রথম আলোকে বলেন, গতবার তাঁর বাবা এসেছিলেন টিকিট কাটতে। চার ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি। আর এবার তিনি সহজেই টিকিট পেলেন।  বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আরাফাত রহমানও কম ভিড় দেখে স্বস্তি প্রকাশ করেন।

গতকাল স্টেশনে নারীদের জন্য তিনটি কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়। গত কয়েক দিনে নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার ছিল।

গত সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে সূত্র বলেছে, শেষ দিনে ২৪ হাজার ৬০৮টি টিকিট বিক্রির জন্য বরাদ্দ হয়।

সন্তোষ প্রকাশ করে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী বলেন, শেষ দিনেও সকাল থেকে সবাই টিকিট পেয়েছেন।

এদিকে কল্যাণপুর, গাবতলী, সায়েদাবাদে বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে বেশির ভাগ গন্তব্যের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। ২৩, ২৪ ও ২৫ জুনের টিকিটের চাহিদা ছিল বেশি। এ দিনগুলোর টিকিট নেই বললেই চলে। ১৯, ২০ ও ২১ জুনের কিছু টিকিট এখনো পাওয়া যাচ্ছে।