ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের অগ্রিম টিকিটের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গতকাল সকালে ছিল লম্বা লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট পেয়ে কয়েকজনের মুখে স্বস্তির হাসি l ছবি: প্রথম আলো
ট্রেনের অগ্রিম টিকিটের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গতকাল সকালে ছিল লম্বা লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট পেয়ে কয়েকজনের মুখে স্বস্তির হাসি l ছবি: প্রথম আলো

কেউ এসেছেন রাতে, কেউ বা ভোরে এসে লাইনে দাঁড়ান। দীর্ঘ প্রতীক্ষার পর যাঁরা টিকিট পেয়েছেন, তাঁরা ছিলেন উচ্ছ্বসিত। আর যাঁরা পাননি, তাঁরা ফিরেছেন বিমর্ষ হয়ে।
ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রির প্রথম দিন গতকাল মঙ্গলবার এই ছিল রাজধানীর কমলাপুর রেলস্টেশনের চিত্র।
গতকাল বিক্রি হয়েছে ২০ সেপ্টেম্বর যাত্রার টিকিট। অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে চট্টগ্রামেও। তবে ঢাকায় বরাবরের মতোই টিকিটপ্রত্যাশীদের লম্বা লাইন দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী বলেন, সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। একজন সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারছেন।
খিলগাঁও থেকে টিকিট কিনতে আসা কামরুল ইসলাম জানালেন, চট্টগ্রামে যাওয়ার টিকিট কিনেছেন। তাঁর মতে, লোকজন রাত থেকেই যেহেতু অপেক্ষা করছেন, কাজেই সকাল সাতটা থেকে টিকিট দেওয়া উচিত ছিল।
রাজশাহী পথের সিল্কসিটি ট্রেনের টিকিটের জন্য ফজরের নামাজের পরপর লাইনে দাঁড়িয়েছিলেন মুজিবুর রহমান। এরপরও লাইনে তাঁর অবস্থান হয় কমপক্ষে ৬০-৭০ জনের পরে। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কামরা চেয়ে পাননি। পরে এসি চেয়ারের টিকিট কাটেন। মুজিবুর বলেন, তিনি নিজের জন্য টিকিট কিনতে আসেননি। তিনি একজন ব্যবসায়ীর গাড়ি চালান। নিয়োগকর্তা তাঁকে টিকিট কেনার জন্য পাঠিয়েছেন।
ঈদ উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে ২০টি কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে দুটি কাউন্টার শুধু নারীদের জন্য। তবে অনেকে নারী কাউন্টার আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আজ বুধবার দেওয়া হবে ২১ সেপ্টেম্বরের টিকিট। কাল বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বরের, শুক্রবার ২৩ সেপ্টেম্বরের ও শনিবার দেওয়া হবে ২৪ সেপ্টেম্বরের টিকিট। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। এ ছাড়া রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট।
এদিকে গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন দুর্ঘটনার পর পূর্বাঞ্চলে সময়সূচি এলোমেলো হয়ে যায়। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটলে ঈদের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
গতকাল টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শনে কমলাপুর স্টেশনে গিয়েছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি সাংবাদিকদের বলেন, স্বাভাবিক সময়ে রেলে ১ লাখ ৯০ হাজার যাত্রী পরিবহন করা হয়। এবারের ঈদে সারা দেশে আড়াই লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারবেন। তিনি জানান, টিকিট বিক্রি ও ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
মন্ত্রীর সঙ্গে এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ মো. সালাহ উদ্দীন, রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক খলিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।