ট্রেনের টিকিটের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় যাত্রার চার দিন আগে গতকাল সোমবার সকালে লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট পাননি যাত্রীরা। টিকিট না পেয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কয়েকজন টিকিটপ্রত্যাশী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার আগামী শুক্রবারের টিকিট বিক্রি করা হচ্ছিল গতকাল সকালে। টিকিটের চেয়ে যাত্রীর সংখ্যা বেশি হলেও এসি কাউন্টারের সামনে মাত্র সাতজনের কাছে টিকিট বিক্রি করা হয়। তারপর কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। শোভন কাউন্টার ঘণ্টা দেড়েক খোলা ছিল। কিন্তু সেখানেও টিকিট পেয়েছেন সামনের কিছু যাত্রী। তারপর বলা হয় টিকিট শেষ। এরপরই যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকাল ১০টার দিকে রাজশাহী স্টেশনে কথা হয় নগরের শিরোইল এলাকার ব্যবসায়ী নাজমুল হুদার সঙ্গে। তিনি বলেন, তাঁর ছোট ভাই ঢাকায় যাবেন। তাঁর জন্য সকালে এসে এসি কাউন্টারের লাইনে দাঁড়ান। তাঁর আগে মাত্র ১৪ জন যাত্রী ছিলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে মাত্র সাত-আটজনকে টিকিট দেওয়ার পরই বলা হয়, টিকিট শেষ। নাজমুল হুদা বলেন, টিকিট শেষ ঘোষণার সঙ্গে সঙ্গে স্টেশনের অপেক্ষমাণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা মারমুখী আচরণ শুরু করেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাজমুল হুদাসহ আরও কয়েকজন টিকিটপ্রত্যাশীর অভিযোগ প্রসঙ্গে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ডেপুটি চিফ ম্যানেজার আহসান উল্লাহ ভূইয়া বলেন, ‘এটা (অভিযোগ) ঠিক নয়। আমি হিসাব নিয়েছি ৬৬টি টিকিট বিক্রি হয়েছে।’
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে সপ্তাহে পাঁচ দিন ছেড়ে যায় তিনটি করে ট্রেন। বাকি দুই দিন ছেড়ে যায় দুটি করে। এসব ট্রেনের আটটি করে বগিতে মোট আসনসংখ্যা সর্বোচ্চ ৬০০টি। এখন বাড়তি একটি করে বগি যোগ হওয়ায় আসনসংখ্যা দাঁড়িয়েছে ৭০০-র কাছাকাছি। কিন্তু যাত্রী কয়েক হাজার। ফলে যাত্রীদের বড় একটা অংশ বাধ্য হয়ে সড়কপথে যাতায়াত করেন।
রেলস্টেশনের তত্ত্বাবধায়ক আবদুল করিম বলেন, ঈদ উপলক্ষে এবারও এই রুটে কোনো স্পেশাল ট্রেন দেওয়া হয়নি। আগের মতো প্রতিদিন তিনটি করে ট্রেন চলছে। ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ। অনেকেই টিকিট না পেয়ে ঘুরে যাচ্ছেন।