ট্রেনের টিকিটের জন্য ১৯ ঘণ্টা আগেই লাইন

বেলা দুইটা। কমলাপুর রেলস্টেশনের ১২ নম্বর টিকিট কাউন্টারের সামনে তালিকা তৈরি করছেন শফিউল আলম নামের এক ব্যক্তি। কিসের তালিকা, জানতে চাইলে তিনি বলেন, ‘৬ আগস্টের টিকিটের জন্য যাঁরা এসেছেন, তাঁদের নামের তালিকা করছি। এর মধ্যে ১৯ জন হয়ে গেছে। এটা করলে শৃঙ্খলা রক্ষা করা যায়।’শফিউল আলম নিজেও অগ্রিম টিকিটের জন্য এসেছেন। ৬ আগস্টের টিকিট বিক্রি শুরু হবে আজ রোববার সকাল নয়টা থেকে। কিন্তু এর ১৯ ঘণ্টা আগেই লাইনে দাঁড়িয়ে কার পর কে টিকিট সংগ্রহ করবেন, নিজেদের উদ্যোগে সেই তালিকা করছেন টিকিটপ্রত্যাশীরা। ১২ নম্বর কাউন্টার থেকে দিনাজপুরগামী ‘একতা’ ও ‘দ্রুতযান’ এবং নীলফামারীর ‘নীলসাগর’ ট্রেনের সাধারণ আসনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। শফিউল আলম প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি পাবনায়। গত বছর ঈদে অনেক চেষ্টা করেও টিকিট কিনতে পারেননি। তাই এবার এক দিন আগেই দ্রুতযানের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন।
একই লাইনে আছেন আবদুল মান্নান। তিনি বলেন, ‘বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল ৫ আগস্ট। গতকাল শনিবার ভোরে সেহিরর পর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারিনি। তাই ৬ আগস্টের জন্য আবার লাইনে দাঁড়িয়েছি।’
শীতাতপনিয়ন্ত্রিত (এসি) আসন ও কেবিনের টিকিট বিক্রি করা হয় কমলাপুর স্টেশনে উত্তর পাশের কাউন্টারগুলোতে। সেখানেও দেখা গেছে, কয়েকজন যাত্রী মিলে ৬ আগস্টের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন গতকাল দুপুর দুইটা থেকে।
অবশ্য ১৯ ঘণ্টা বা তারও আগে যাঁরা লাইনে দাঁড়ান, তাঁদের সবাই একটানা থাকেন না। নাম লেখানোর উদ্দেশ্য হলো, পরে এসে যাতে বলা যায় যে তাঁরা আগে থেকে লাইনে ছিলেন।
এ ছাড়া লাইনে দাঁড়ানো কোনো কোনো যুবককে ছিন্নমূল বলে মনে হয়েছে। রেলওয়ের কর্মকর্তাদের সন্দেহ, একটি চক্র টাকার বিনিময়ে ছিন্নমূল ও নিম্ন আয়ের কিছু লোককে আগের দিন লাইনে দাঁড় করিয়ে টিকিটি কিনে তা বেশি দামে কালোবাজারে বিক্রি করছে।
জানতে চাইলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, প্রতিবারই কিছু লোক টিকিট না পেয়ে পরের দিনের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে যান। তবে বিকেল পাঁচটার পর চলতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় বলে তাঁদের সরিয়ে দেওয়া হয়। তাঁরা রাতে আবার জমায়েত হন। কালোবাজারির কোনো সুযোগ নেই বলে তিনি দাবি করেন।
গতকাল বিক্রি হয়েছে ৫ আগস্টের টিকিট। গতকাল সকাল নয়টায় কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে রক্ষিত টোকেন সংগ্রহ করে সেখানে কাঙ্ক্ষিত টিকিটের বর্ণনা লিখে টিকিট কেনার জন্য দাঁড়ানো মানুষের লাইন স্টেশনের আঙিনা পেরিয়ে রাস্তা পর্যন্ত পৌঁছেছে। কিছু কিছু লাইনে দাঁড়ানো ব্যক্তিরা নিজ উদ্যোগে টোকেনের মধ্যে সিরিয়াল নম্বর লিখে কার পর কে টিকিট সংগ্রহ করবেন, তা নিশ্চিত করার চেষ্টা করছেন।
সরকারি চাকরিজীবী কুদরত-ই-জামান বলেন, টিকিট কাটার জন্য অফিস থেকে ছুটি নিয়ে ভোর ছয়টায় লাইনে দাঁড়িয়েছেন। বেলা সাড়ে ১১টায়ও তিনি টিকিট সংগ্রহ করতে পারেননি। তখনো তাঁর সামনে ৩০-৩৫ জন ছিলেন। তিনি বলেন, ‘আল্লাহ আল্লাহ করছি। এত কষ্টের পর যদি শেষ প্রান্তে গিয়ে শুনি টিকিট নেই, সেই দুশ্চিন্তায় আছি।’
নারী ও প্রতিবন্ধীদের পৃথক লাইন: নারী ও প্রতিবন্ধীদের জন্য কমলাপুর স্টেশনে আলাদা একটি কাউন্টার খোলা হয়েছে। এই কাউন্টারে ভিড়ও কম। সুবর্ণ এক্সপ্রেসের টিকিট নিয়ে হাসিমুখে বেরিয়ে আসেন নাজমা হায়দার। তিনি বলেন, এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি টিকিট সংগ্রহ করেছেন।
এসি টিকিটের সংকট: গতকালও শীতাতপনিয়ন্ত্রিত আসন ও কেবিনের টিকিটের হাহাকার দেখা গেছে। রেলওয়ের কর্মকর্তারা জানান, বিচারপতিদের জন্য এসি কামরা বরাদ্দ রাখতে হয়। এবার ঈদে সাংসদদেরও চাহিদা বেড়ে গেছে। এ ছাড়া মন্ত্রী, সচিব ও সেনা কর্মকর্তাদেরও চাহিদা রয়েছে। এসব চাহিদা পূরণ করতে গিয়ে সাধারণ মানুষের ভাগে এসি টিকিট কমে যাচ্ছে।