ট্রেনের টিকিটের যুদ্ধ শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। তবে টিকিটের জন্য যাত্রীরা স্টেশনে ভিড় জমান সেহরির সময় থেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত টিকিটপ্রত্যাশী যাত্রীদের ভিড় স্টেশন ছাড়িয়ে রাস্তায় গিয়ে পৌঁছেছে।
টিকিটের জন্য অপেক্ষারত যাত্রীদের মুখে ছিল ক্লান্তি আর উদ্বেগ। অবশ্য অনেককে টিকিট পেয়ে আনন্দ উচ্ছ্বাস করতে দেখা যায়।
রাজধানী থেকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ গুরুত্বপূর্ণ সব রুটের টিকিট বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে ২৪ জুলাই যাত্রার টিকিট। রেলস্টেশনের ২০টি কাউন্টার থেকে আজ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামীকাল সোমবার বিক্রি হবে ২৫ জুলাইয়ের টিকিট। মঙ্গলবার ২৬ জুলাই, বুধবার ২৭ জুলাই, বৃহস্পতিবার ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। পর্যায়ক্রমে ঈদের আগের দিন পর্যন্ত টিকিট বিক্রি অব্যাহত থাকবে। আর যাত্রার দিন কাউন্টার থেকে ছাড়া হবে দাঁড়িয়ে যাওয়ার টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ঢাকা থেকে সাড়ে ১৭ হাজার এবং চট্টগ্রাম স্টেশন থেকে ছয় হাজার ৮০০ টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
এদিকে কালোবাজারি রোধে স্টেশনে ১৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। রেলওয়ে পুলিশ বিশেষভাবে টিকিট বিক্রির ভিডিও করছে।
পূর্বাঞ্চল থেকে এবার ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর চারটি চলবে চট্টগ্রাম-চাঁদপুর পথে। দুটি চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে।
আর ঢাকা থেকে খুলনার পথে দুটি এবং পার্বতীপুরের পথে আরও দুটি ট্রেন চলাচল করবে। এ ছাড়া, শোলাকিয়ায় ঈদের জামাতের জন্য চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, সকাল থেকেই পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেশনে মোতায়েন রয়েছেন। যাত্রীদের সার্বিক তথ্য প্রদান ও অভিযোগ, পরামর্শ গ্রহণে একটি সহায়তা কেন্দ্র ও একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, রেলমন্ত্রীর আশ্বাস
কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের পরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, প্রতিদিন ৬০ হাজার করে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। টিকিটপ্রত্যাশীরা মন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, টিকিট ধীরগতিতে দেওয়া হচ্ছে। সকাল নয়টা থেকে টিকিট পাওয়ার কথা থাকলেও অনলাইনে পাওয়া যাচ্ছে না। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, টিকিট দেওয়ার কাজে ব্যবহূত মেশিনগুলো ধীরগতিতে কাজ করছে। পরের বছর দ্রুতগতির মেশিন দেওয়া হবে।
টিকিটপ্রত্যাশীরা মন্ত্রীর কাছে আরও অভিযোগ করেন, সকাল নয়টা থেকে অনলাইনে টিকিট পাওয়ার কথা থাকলেও তা পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের দিন পদক্ষেপ নেওয়া হবে।
যাত্রীরা মন্ত্রীর কাছে টিকিট দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী বলেন, প্রতিদিন বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট দেওয়ার কথা থাকলেও যাত্রীদের অনুরোধে সময় বাড়ানো হবে। প্রয়োজনে যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ টিকিট দেওয়া হবে।
মন্ত্রী কালোবাজারি রোধের জন্য রেলওয়ের উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় স্টেশন ম্যানেজার, র্যাব ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।