রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের হাহাকার কমছে। এই রেলপথে চলাচলকারী প্রতিটি ট্রেনের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি করে কোচ। এতে করে আগামী শনিবার থেকে প্রতিদিন তিনটি ট্রেনে অতিরিক্ত ৬৮১ জন যাত্রী পরিবহন করা যাবে। তার সঙ্গে কোচগুলোও বদলে যাচ্ছে। ভারত থেকে নিয়ে আসা এই কোচগুলো লাল-সবুজ পতাকার রঙে রঙিন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী-ঢাকার মধ্যে ধূমকেতু, সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেস নামের তিনটি ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনে নয়টি করে কোচ ছিল। আগে প্রতিটি ট্রেন ৬৫৫ জন যাত্রী নিয়ে চলাচল করত। আগামী শনিবার থেকে এই যাত্রীদের সঙ্গে যুক্ত হচ্ছে ২২৭ জন অতিরিক্ত যাত্রীর আসন। শনিবার আসা ১৩ কোচের মধ্যে ১২টিকে যাত্রী পরিবহনের কাজে লাগানো হবে। আর একটিকে বিপৎকালীন সময়ের জন্য রাখা হবে ঈশ্বরদী রেল জংশনে। অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাতে আসা ২১ কোচের মধ্যে ১২টিতে চলবে যাত্রী পরিবহন। আর রাজশাহী রেলওয়ে স্টেশনে পাঁচটি এবং ঈশ্বরদী রেল জংশনে চারটি কোচ রাখা হবে বিপৎকালীন সময়ের জন্য।
পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিহিরকান্তি গুহ জানান, ২৫ জুন আনুষ্ঠানিকভাবে ট্রেনগুলো নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করবে। এখন ট্রেনের সংখ্যা না বাড়লেও বাড়বে যাত্রীসেবার মান। টিকিটের জন্য হাহাকারও কমবে।