ট্রেনের দুই বগির মাঝে ভ্রমণ করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের দুই বগির মাঝে চড়ে ভ্রমণের সময় পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন অজ্ঞাতপরিচয় এক যুবক। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর জুরাইন রেললাইনে এ ঘটনা ঘটে। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের দুই বগির মাঝের হুকে বসে ছিলেন আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক। ট্রেনটি জুরাইন রেলগেট এলাকায় এলে সেখান থেকে তিনি রেলপথের ওপর পড়ে যান এবং ট্রেনের চাকায় কাটা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরনে চেক লুঙি ও শার্ট ছিল। ঢাকা রেলপথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত সোমবার মধ্যরাতে মিরপুরে শাহ আলী মাজারের একটি গাছ থেকে পড়ে যায় শিশু রাসেল (১২)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা আবু তাহের মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় থাকেন। তবে বেশির ভাগ সময় রাসেল মাজার এলাকাতেই থাকত এবং পুরোনো কাগজ ও বোতল কুড়াত। শাহ আলী থানার উপপরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।