ট্রেনের ধাক্কায় অটোরিকশার আরোহী চিকিৎসক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দাক্ষিণখান এলাকায় গতকাল মঙ্গলবার ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন। রেললাইন ক্রসিংয়ের ওই স্থানটিতে কোনো গেট ব্যারিয়ার নেই।
দুর্ঘটনায় নিহত চিকিৎসকের নাম নাজিম খান (৪৮)। তিনি পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, একটি মামলার সাক্ষ্য দিতে নাজিম পাবনা থেকে গত সোমবার ঢাকায় আসেন। গতকাল একটি অটোরিকশা নিয়ে গাজীপুর আদালতে যাচ্ছিলেন। দুপুর একটার দিকে দাক্ষিণখান এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চালক হেলাল উদ্দিন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান।
নিহতের ভাই মনির খান জানান, তাঁর ভাই একটি মামলার হাজিরা দিতে ঢাকার যাত্রাবাড়ী থেকে বের হয়ে গাজীপুর আদালতে যাচ্ছিলেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ওবায়দুর রহমান জানান, রেললাইনের ওই স্থানে কোনো গেট ব্যারিয়ার নেই। তাই নিজ দায়িত্বেই সেখানে পারাপার হতে হয়।