ট্রেনের ধাক্কায় খুলনায় ভেঙে পড়ল বিদ্যুতের সাবস্টেশন ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি গতকাল শুক্রবার গভীর রাতে খুলনা রেলস্টেশনের তালতলায় লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের পেছনের বগি রেলের বিদ্যুত্ সাবস্টেশন ভবনের ভেতর ঢুকে পড়ে। এতে একতলা ভবনের দেয়াল ভেঙে সাবস্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আজ শনিবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার কাজী আমিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা রেলস্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি সাটিং করার জন্য স্টেশনের তালতলা রেললাইনে পাঠানো হয়। ১৪টি বগি নিয়ে ট্রেনের সাটিংয়ের কাজ করার সময় সাটিং স্টাফ মো. বাবর আলী ট্রেনের কপলিং কাটার (সংযোগ বিচ্ছিন্ন) জন্য ট্রেনের নিচে ঢোকেন। কিন্তু তিনি সেটি করতে ব্যর্থ হন। এরই মধ্যে ট্রেনের চালক ট্রেন পেছনের দিকে টানতে থাকেন। কিন্তু ওই লাইনের শেষে বাফার (প্রতিবন্ধক) না থাকায় ট্রেনের পেছনের অংশ মাটিতে নেমে বিদ্যুতের সাবস্টেশন ভবনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

স্টেশনমাস্টার আরও জানান, বিষয়টি তদন্ত করার জন্য রেল কর্তৃপক্ষ আজ একজন জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টরকে (জেটিআই) আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।