ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত
নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশনসংলগ্ন স্বরাপপুর-দোডাঙ্গি রেলক্রসিংয়ে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইটবোঝাই ট্রলির চালক আকাশ আলী (২০) প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে।
আকাশ আলী লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আবদুর রাজ্জাক জানান, ইটবোঝাই ট্রলি উপজেলার লোকমানপুর স্টেশন থেকে প্রায় ১০০ গজ পশ্চিম পাশে স্বরাপপুর-দোডাঙ্গি রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। এ সময় ট্রলিচালক আকাশের হাত কাটা পড়ে এবং মাথায় আঘাত লাগে। আকাশকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।