ট্রেনের ধাক্কায় পিকআপের চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুরের ডোকলাহাটি এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান।
মির্জাপুরের ডোকলাহাটি এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান।

বঙ্গবন্ধু সেতু রেলসংযোগ সড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ডোকলাহাটি এলাকায় আজ শনিবার সকালে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যানের চালক মো. আলমগীর হোসেন (৪৫) নিহত হয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে ডোকলাহাটি এলাকায় টাইলসবোঝাই পিকআপ ভ্যানটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ওই পিকআপকে ধাক্কা দেয়। ট্রেনের সামনের অংশে পিকআপটি আটকা পড়ে। এ অবস্থায় প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত পিকআপটি ট্রেনের সঙ্গে হিঁচড়ে যায়। চালক ট্রেনটি থামান। তবে পিকআপটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ভ্যানের চালকের মৃত্যু হয়। এ সময় রেললাইনের পাশে দাঁড়ানো তাসলিমা বেগম পিকআপের ধাক্কায় আহত হন। পরে রেলওয়ে পুলিশ ভ্যানচালকের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ভ্যানচালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।