ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় রিমা খাতুন (২৬) ও তাঁর মেয়ে তামিমা আক্তারের (৪) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।
রিমা খাতুন গতকাল ঘটনাস্থলে মারা যান। তামিমা আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহত ব্যক্তিদের স্বজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রিমা খাতুন কুড়িল বিশ্বরোড এলাকায় রাজু মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল বেলা দুইটার দিকে রিমা তাঁর মা ফাতেমা খাতুন ও মেয়ে তামিমাকে নিয়ে খিলক্ষেত বাজারে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড মাজারের সামনে ট্রেনলাইন পার হচ্ছিলেন। এ সময় টঙ্গীগামী একটি ট্রেন তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রিমার মৃত্যু হয়। শিশু তামিমাকে গুরুতর আহত অবস্থায় গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ ভোর ছয়টার দিকে মারা যায় সে। মা ও মেয়ের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।