ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলগেট এলাকায় গতকাল শুক্রবার ট্রেনের ধাক্কায় সাজিদুল ইসলাম (২৪) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হয়েছেন।
সাজিদুল আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর বাড়ি মিরসরাইয়ের আবু তোরাব গ্রামে।
কুমিরা রেলস্টেশনের মাস্টার মো. সাইফুদ্দিন বশর প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন তাঁকে জানিয়েছেন যে গতকাল সকাল সোয়া নয়টার দিকে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের গেট এলাকায় রেলের উভয় লাইনে ট্রেন চলছিল। এ সময় রাস্তা পাররত ওই ছাত্র চট্টগ্রামমুখী চট্টগ্রাম মেইল ট্রেনটি খেয়াল করলেও ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি দেখেননি। ফলে তিনি চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, গুরুতর আহত
অবস্থায় সাজিদুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের প্রধান দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাজিদুল অর্থনীতি ও ব্যাকিং বিভাগের ছাত্র ছিলেন। সকালে পরীক্ষা দিতে আসার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।