ট্রেনের ধাক্কায়...
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাঁচকবর নামক স্থানে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল বুধবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালকের সহকারী আহত হন। ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি রেললাইনের ওপর পড়ায় প্রায় এক ঘণ্টা খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রাকটি রেললাইন অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকের চালকের সহকারী আহত হন। দমকল বাহিনীর কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু পুলিশ আসার খবর পেয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। তাঁর নাম জানা যায়নি। নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার শোভন রায় বলেন, বেলা দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।