ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে অজ্ঞাতনামা এক কিশোর। ওই কিশোরের বয়স আনুমানিক ১২ বছর। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল রেলস্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোর এলাকায় বিভিন্ন জিনিস কুড়াত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম জানান, আজ সকালে পুবাইল রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০টার সময় ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

গতকাল রাতে কোনো এক সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।