ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর আমীরগঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম ইসমাইল ভূঁইয়া (৫৫)। বাড়ি সদর উপজেলার হোসেনপুর মধ্যপাড়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমীরগঞ্জ বাজার থেকে বেগুনবোঝাই করা অটোরিকশাটি লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। গুরুতর আহত হন অটোরিকশার চালক হোসেনপুর মধ্যপাড়া এলাকার হাবীব গাজী (১৮)। তাঁকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।