ট্রেনের ধাক্কায় আরটিভির প্রযোজনা সহকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িলে রেলক্রসিং পার হতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় বেসরকারি টিভি চ্যানেল আরটিভির প্রযোজনা সহকারী পলাশ কুমার রায় (২৮) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে পলাশ রায় কর্মস্থল আরটিভি কার্যালয়ে যাওয়ার জন্য কুড়িল রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-জিআরপি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, কুড়িল ফ্লাইওভার চালুর পর রেলগেটটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে ফাঁক-ফোকর দিয়ে রেললাইন পার হচ্ছেন। পলাশ রায় গতকাল এভাবে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।