ট্রেনের ধাক্কায় আহত আরও তিন বাসযাত্রীর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এবং যশোর সদরের রাজারহাট রেলক্রসিংয়ে গত শনিবার সকালে ট্রেনের ধাক্কায় বাস দুর্ঘটনায় আহত আরও তিন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুটি পৃথক দুর্ঘটনায় ১৫ জন বাসযাত্রীর মৃত্যু হলো।নিহত ব্যক্তিরা হলো সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার কওছার আলী গাজীর ছেলে মো. সাইদুজ্জামান গাজী (২৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর গ্রামের আনু সরকার (৪০) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের আবদুল মান্নানের মেয়ে লাকি আক্তার (৭)। এর মধ্যে শনিবার রাত আটটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনু সরকারের মৃত্যু হয়। আনু ও লাকি ব্রাহ্মণপাড়া এবং সাইদুজ্জামান যশোরের দুর্ঘটনায় শনিবার সকালে আহত হয়েছিলেন।নিহত সাইদুজ্জামান গাজী ঢাকার শেখ বোরহানুদ্দিন কলেজের সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সম্প্রতি তিনি পরিবারের অমতে বিয়ে করেন। সংসার ও পড়াশোনার খরচ জোগাতে তিনি ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত একে ট্রাভেলসে সুপারভাইজারের চাকরি নিয়েছিলেন। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেল চারটার দিকে শ্যামনগর উপজেলার সুমলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে সাইদুজ্জামানকে দাফন করা হয়।আর ব্রাহ্মণপাড়ার দুর্ঘটনায় শনিবার ঘটনাস্থলে লাকি আক্তারের বড় বোন পাখি আক্তারের মৃত্যু হয়। পাখি উত্তর নাগাইশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী এবং লাকি একই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত। তারা দুই বোন শনিবার বাসে করে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামে মামার বাড়ি বেড়াতে যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই পাখির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত লাকিকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তার মৃত্যু হয়। শনিবার রাতে বড় বোন পাখির দাফন হয়। গতকাল সকালে দাফন করা হয় লাকিকে।গতকাল নাগাইশ গ্রামে পাখি ও লাকিদের বাড়িতে গেলে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আয়েশা বেগম ও আবদুর মান্নানের তিন ছেলে ও তিন মেয়ে ছিল। এর মধ্যে বড় মেয়ে পাঁচ বছর আগে মারা যায়। একসঙ্গে দুই মেয়েকে হারিয়ে তাঁরা বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।