ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু, নারীর লাশ উদ্ধার
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় গতকাল সোমবার এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া ইস্কাটন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রেল পুলিশ বলেছে, বেলা ১১টার দিকে খিলক্ষেতের বনরূপা কবরস্থানের পাশে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক মো. রবিউল্লাহ বলেন, নিহত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট এবং কালো-সাদা চেক শার্ট। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সকালে ইস্কাটন থেকে মঞ্জুরানী দাশ (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে রমনা থানা-পুলিশ। রমনা থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, সকালে খবর পেয়ে ইস্কাটন রোডের একটি ভবনের তৃতীয় তলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। মঞ্জুরানী দাশের স্বামী মৃত সাধন চন্দ্র দাশ। তিনি এক মেয়েকে নিয়ে তিনি ইস্কাটনের ওই ফ্ল্যাটে থাকতেন।
স্বজনেরা পুলিশকে বলেছেন, রোববার দিবাগত রাতে কীটনাশক পানে মঞ্জুরানী আত্মহত্যা করেছেন বলে তাঁদের ধারণা।