ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত সড়ক অবরোধ
গাজীপুর সদরের পূবাইলে ট্রেনের ধাক্কায় শামীমা আক্তার নামে এক মেধাবী কলেজছাত্রী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মুঠোফোনে কথা বলতে বলতে লেভেল ক্রসিং অতিক্রমের সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।শামীমা পূবাইল আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। তার মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে লেভেল ক্রসিংয়ের পাশে রেলের ঘুন্টিঘর ভাঙচুর ও গেটম্যানকে মারধর করে। এ ছাড়া ক্ষুব্ধ জনতা টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে দুটি বাস ভাঙচুর করে। এতে অন্তত ২০ মিনিট ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। শামীমার বাড়ি কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসই এলাকায়। সে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকায় ভগ্নিপতি মোর্শেদ আলমের বাড়িতে থেকে পড়াশোনা করত।পূবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ আক্কাছ আলী প্রথম আলোকে জানান, শামীমা অত্যন্ত মেধাবী ছিল। এসএসসিতে সে জিপিএ-৫ পেয়েছিল। এইচএসসিতে ভালো ফলাফল করার লক্ষ্যে সে যথেষ্ট পড়াশোনা করত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কলেজ বন্ধ থাকলেও শামীমা প্রতিদিন কোচিং ক্লাস করত। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কোচিং শেষে সে হেঁটে পূবাইল কলেজ গেইটে আসছিল। মুঠোফোনে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে লেভেল ক্রসিং অতিক্রমের সময় সে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রেল ক্রসিংয়ের গেইটটি বন্ধ ছিল।