ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের এক চালক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ধূপাচালা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের উল্লাপড়া এলাকার আবদুল কাদের (৪৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কালিয়াকৈরের ভান্নারা এলাকার নূরুল ইসলাম স্পিনিং কারখানার একটি কাভার্ড ভ্যান সিরাজগঞ্জে তাদের অন্য একটি কারখানায় সুতা দিতে যায়। ফেরার পথে গতকাল দুপুরে ধূপাচালা রেলক্রসিংয়ে ঢাকাগামী সিরাজগঞ্জের (আন্তনগর) একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় কাভার্ড ভ্যানটি। এতে সামনের অংশ দুমড়েমুচড়ে কাভার্ড ভ্যানটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক নিহত হন। তাঁর সহকারী সাজেদুল ইসলাম গুরুতর আহত হন। পরে পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত লোকজনকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে পাঠান।