ট্রেনের ধাক্কায় গৃহবধূ ও কৃষক লীগ নেতার মৃত্যু
চলন্ত ট্রেনের ধাক্কায় রাজবাড়ীর গোয়ালন্দে শিখা সরকার নামের এক গৃহবধূ এবং যশোরের অভয়নগর উপজেলায় কৃষক লীগের নেতা আতিয়ার মোল্লা নিহত হয়েছেন। গতকাল সোমবার ঘটনা দুটি ঘটেছে।
শিখা সরকার (২৫) গোয়ালন্দ উপজেলার কেউটিল গ্রামের অমর সরকারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে কুষ্টিয়ার খোকশা উপজেলার জানিপুর এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন।
শিখার স্বামী অমর সরকার বলেন, ট্রেন ধরতে তাঁরা দুজন সকাল পৌনে আটটার দিকে পাচুরিয়া স্টেশনের দিকে ছুটছিলেন। স্টেশন থেকে প্রায় ২০০ গজ দূরে চরআন্ধারমানিক এলাকায় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে শিখা গুরুতর আহত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিখাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাজিব দে বলেন, সম্ভবত অতিমাত্রায় রক্তক্ষরণের কারণে শিখার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ওই গৃহবধূকে তিনি ছিটকে পড়তে দেখেন।
এদিকে শিখাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে তাঁর বাবার বাড়ির লোকজন গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অমর সরকার ও তাঁর পরিবারের লোকজনকে মারধর করেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল সন্ধ্যায় বলেন, রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে শিখার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হলে সেটি রেলওয়ে থানায় হবে।
আতিয়ার মোল্লা (৬০) অভয়নগর উপজেলা কৃষক লীগের সদস্য এবং গোয়াখোলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আতিয়ার মোল্লা গতকাল বিকেল চারটার দিকে নিজ বাড়ি থেকে নওয়াপাড়া বাজারে আসছিলেন। পথে নওয়াপাড়া পীরবাড়ি যুব উন্নয়ন সমিতির পাশের রেলক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেন তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন এ সময় তাঁকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, ট্রেনের ধাক্কায় আতিয়ার মোল্লার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।