ট্রেনের ধাক্কায় চার পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার উত্তরা আবাসন এলাকার ঢেলাপীর রেলক্রসিংয়ে গত শুক্রবার রাতে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সৈয়দপুর থানার একটি পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপে থাকা ১০ পুলিশ সদস্যের চারজন নিহত হন। অন্যরা আহত হন। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
নিহত পুলিশ সদস্যরা হলেন সৈয়দপুর থানার কনস্টেবল শামসুল আলম (৫৫), মাইজুল ইসলাম (২৬), শরিফুল ইসলাম (৩৬) ও ফারুক হোসেন (৩৯)। গতকাল শনিবার বেলা সোয়া একটার দিকে জানাজা শেষে তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢেলাপীর থেকে বড়ুয়া সড়কের রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। পুলিশের টহল দলটি ওই রেলক্রসিং পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির ঢাকাগামী আন্তনগর নীলসাগর ট্রেনটি পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে পিকআপটি। ঘটনাস্থলে কনস্টেবল শামসুল হক নিহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ১০ পুলিশ সদস্যকে উদ্ধার করেন। তাঁদের প্রথমে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথে মাইজুল ইসলাম ও হাসপাতালে শরিফুল ইসলাম মারা যান। গতকাল শনিবার সকালে ফারুক হোসেন মারা যান। বর্তমানে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনসহ ছয় পুলিশ সদস্য সেখানে চিকিৎসাধীন আছেন।
পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, অরক্ষিত রেলগেটে গেটম্যান না থাকায় এবং রেলক্রসিংয়ের আগে বাঁক থাকায় কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।
পাকশী রেলওয়ে বিভাগ সূত্র জানায়, উত্তরা আবাসন এলাকার ওই রেলক্রসিংয়ে কোনো গেট কিংবা গেটম্যান নেই। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ সন্নিবেশিত এলাকায় পথচারীদের নিজ দায়িত্বে রেলগেট অতিক্রম করতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে।
সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপকের (জিএম) নির্দেশে ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) শওকত জামিল মহসী, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক কর্মকর্তা ও বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (পাকশী)। কমিটি আগামী তিন দিনের মধ্যে জিএম বরাবর প্রতিবেদন দাখিল করবে বলে জানান তদন্ত দলের প্রধান শওকত জামিল মহসী।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। গতকাল এ-সংক্রান্ত তদন্তকাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।