যাত্রীবাহী অটোরিকশা রেললাইন পাড়ি দিতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে সিলেট-ছাতক লাইনের কামালবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট-ছাতক রেললাইনের কামালবাজারের কাছে উভয় দিকে রাস্তা রয়েছে। ট্রেন আসার আগে বিশ্বনাথগামী একটি সিএনজি অটোরিকশা রেললাইন পাড়ি দিতে গেলে এটির চাকা আটকে যায়। পাঁচ মিনিটের ব্যবধানে ট্রেন এলে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে অটোরিকশার চালক আকবর আলী (১৯) ও চারজন যাত্রী আহত হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটায় আকবর মারা যান। আধা ঘণ্টা পর মৃত্যু হয় সেলিনা আক্তার (৩৮) নামের এক যাত্রীর। চিকিৎসাধীন রয়েছেন সেলিনার স্বামী আবদুস সাত্তার ও তাঁর স্কুলপড়ুয়া দুই ছেলেমেয়ে। আকবর আলীর বাড়ি সিলেটের জালালাবাদ থানাধীন ঘোপাল এলাকায়। জালালাবাদ থানাধীন দিঘিরপাড় গ্রামের আবদুস সাত্তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অটোরিকশায় করে বিশ্বনাথ যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি নাসিরউদ্দিন জানান, লাশ রেলওয়ে থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।সিলেট রেলস্টেশনের মাস্টার মুহিবুর রহমান জানান, চারটি বগি নিয়ে ছাতক থেকে লোকাল ট্রেন (নম্বর ৩৪১৪২) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট স্টেশনে পৌঁছায়। ঘটনাস্থলে কোনো রেলক্রসিং না থাকায় রেল কর্তৃপক্ষ বিষয়টি অনুমোদনহীন এলাকার একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে। ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু: ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, ফেঞ্চুগঞ্জে রেলসেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কটন আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি ফেঞ্চুগঞ্জের ডন্ডি কটালপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কটন আলী রেলসেতু দিয়ে পারাপারের সময় সিলেটগামী পারাবত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার মো. সিরাজ মিয়া ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।