ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ধাক্কায় গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম ইসরাত আফরিন আলম।
নিহত ইসরাত বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরের হেতেম খাঁ এলাকার এস এম নজরুল আলমের মেয়ে।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ফটকের পশ্চিম পাশে পাবর্তীপুর থেকে রাজশাহীগামী আন্ত নগর উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইসরাত আফরিন গুরুতর আহত হন। তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা একটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইসরাত চারুকলা ফটক থেকে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইল দিয়ে হেঁটে ভদ্রা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় উত্তরা এক্সপ্রেস ট্রেনটি তাঁর পেছন দিক দিয়ে এলেও তিনি রেললাইন থেকে দূরে সরেননি। দ্রুত গতিতে আসা ট্রেনটি তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, মর্গে ইসরাতের লাশ। আর বাইরে ভিড় করেছেন তাঁর আত্মীয়স্বজন ও সহপাঠীরা। তাঁর মা আহাজারি করছেন। সেখানে উপস্থিত ইসরাতের মামা মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি আত্মহত্যা বলে আমাদের মনে হয় না। দুর্ঘটনার শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’ নিহতের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসরাত সহপাঠীদের সঙ্গে তেমন মিশতেন না। বেশ কিছু দিন থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল তিনি ক্লাস না করে কেন ওই এলাকায় গিয়েছিলেন তা তাঁরা বলতে পারেননি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গতকাল রাত আটটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্ত চলছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা—এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।