ট্রেনের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, প্রত্যক্ষদর্শীরা বলছেন আত্মহত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটের পশ্চিম পাশে আজ সোমবার সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।
নিহত ছাত্রীর নাম ইসরাত আরেফিন আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি রাজশাহী নগরের হেতেম খাঁ এলাকায়। বাবার নাম এস এম নজরুল আলম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ইসরাত মোবাইল ফোনে কথা বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট থেকে ভদ্রা এলাকার দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় দূর থেকে পাবর্তীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখলেও তিনি সরে যাননি। দ্রুতগতিতে আসা ট্রেনটি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।
ঘটনাস্থল থেকে ইশরাতকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্র ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষার্থী শাহ আলম ও কৃষি অনুষদের এক কর্মচারী।
শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমি চারুকলা গেট দিয়ে ক্লাসে যাচ্ছিলাম। বেলা ১১টার দিকে একটি ট্রেন চলে যাওয়ার পরে গেটের পশ্চিম পাশে একটি জটলা দেখতে পাই। সেখানে গিয়ে দেখি একটি মেয়ে গুরুতর আহত হয়ে পড়ে আছে। মেয়েটির মাথা থেকে রক্ত ঝরছিল। মাথার ডান পাশে গুরুতর জখম ছিল। পরে আরেকজনকে সঙ্গে নিয়ে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাই।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘ওই ছাত্রীকে গুরুতর অবস্থায় মেডিকেলে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা এখনই বলা যাচ্ছে না।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।’